
উইকেট শিকারের পর মহম্মদ সিরাজের উচ্ছ্বাস
শেষ আপডেট: 20 September 2024 15:26
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশ ক্রিকেট দল আত্মবিশ্বাসের সপ্তম স্বর্গে ছিল। কারণটা নেহাতই অমূলক নয়। লাহোরে আয়োজিত দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে তারা হোয়াইটওয়াশ করেছিল। তবে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনই নিজেদের অওকাত টের পেয়ে গেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতীয় বোলারদের সামনে তাঁরা কার্যত দুরমুশ হয়ে গেলেন। ১৪৯ রানে শেষ হয়ে গেল বাংলাদেশ। টিম ইন্ডিয়ার থেকে তারা এখনও ২২৭ রানে পিছিয়ে রয়েছে। ভারতের সামনে বাংলাদেশকে ফলো অন করানোর সুযোগ থাকলেও, শেষপর্যন্ত রোহিত শর্মা সেই পথে হাঁটেননি।
প্রসঙ্গত, চেন্নাই টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ৩৭৬ রানে অলআউট হয়ে যায়। অবিশ্বাস্য শতরান করলেন চেন্নাইয়ের 'লোকাল বয়' রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও ঝকঝকে হাফ সেঞ্চুরি করলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আশা করা হয়েছিল, চিপকের এই উইকেটে বাংলাদেশ হয়ত প্রথম ইনিংসে কিছুটা হলেও লড়াই করতে পারবে। কিন্তু, কোথায় কী! বাংলাদেশি বাঘেদের শুধু গর্জনই সার! খেলার বেলায় লবডঙ্কা। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাসেরা ভারতীয় বোলারদের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েন। দ্বিতীয় দিন চা-পানের বিরতিতে বাংলাদেশ ১১২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে তারা দলের স্কোরবোর্ড কতদুর এগিয়ে নিয়ে যেতে পারবে, তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করা হচ্ছিল। শেষপর্যন্ত ১৪৯ রানেই খতম হয়ে যায় বাংলাদেশের ইনিংস
এখনও পর্যন্ত বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন সাকিব আল হাসান (৩২)। এরপর লিটন দাস (২২) এবং শান্ত (২০) নিজেদের সাধ্যমতো লড়াই করার চেষ্টা করেন। তবে ভারতীয় বোলারদের সামনে কেউই কার্যত এঁটে উঠতে পারেননি। তিন উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ। দুটো করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ আকাশ দীপ এবং রবীন্দ্র জাদেজা। উল্লেখ্য, শুক্রবার ফিল্ডিং করার সময় বড়সড় চোট পেয়েছিলেন সিরাজ। অবস্থা এতটাই বেগতিক যে তাঁকে শেষপর্যন্ত মাঠ ছাড়তে হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যে তিনি ফের কামব্যাক করেন। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া কত রানের লিড নিতে পারে, সেটার উপর সকলেরই নজর ছিল। কারণ এখনও পর্যন্ত অশ্বিন বল করতে আসেননি। চতুর্থ এবং পঞ্চমদিনে অশ্বিন-জাদেজা জুটি যে ভেলকি দেখাচ্ছে, তা মাথায় রেখে এখন থেকেই প্রমাদ গুনছে বাংলাদেশ।