
বুমরাহ
শেষ আপডেট: 15 January 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: আপাতত বাড়ির বিছানায় শুয়ে রয়েছেন বুমরাহ। দলের হয়ে নামা তো দূর অস্ত, কবে বেঙ্গালুরুর রিহ্যাব সেন্টারে যোগ দেবেন, তাই নিশ্চিত করে বলতে পারছে না বিসিসিআই। বিজিটি সিরিজের শেষ টেস্টে চোট পান বুমরাহ। পরীক্ষার পর দেখা যায়, তাঁর পিঠের একটা জায়গা ফোলা রয়েছে। আপাতত তা সেরে যাওয়ার অপেক্ষা। তারপরই নেটে ফিরবেন ভারতের এক নম্বর পেসার।
বেঙ্গালুরুতে রয়েছে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সিলেন্স (সিওই)। বিছানা থেকে উঠলে সেখানেই যাবেন বুমরাহ। স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে চলবে পরীক্ষা। তারপর চিকিৎসকদের পরামর্শমাফিক কামব্যাকের দিনক্ষণ স্থির হবে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্বাচকেরা বুমরাহর প্রত্যাবর্তন নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না। এমনিতেই এই পেসারের পিঠে যন্ত্রণা, চোট-আঘাতের ইতিহাস সুখকর নয়। বহুবার এই কারণে দলের বাইরে চলে গেছেন বুমরাহ। তা ছাড়া এবারের পিঠেব্যথা কতখানি গুরুতর, সেই বিষয়েও কোনও বিস্তারিত রিপোর্ট বিসিসিআইয়ের হাতে আসেনি। যদি নিছক ‘ফোলা’ ছাড়া জটিলতর কিছু ধরা পড়ে, সেক্ষেত্রে বুমরারহর প্রত্যাবর্তন আরও পিছিয়ে যাবে। এমনটাই আশঙ্কা করছে নির্বাচকমণ্ডলী।
ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ‘স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ’ হিসেবে একসময় যুক্ত ছিলেন রামজি শ্রীনিবাসন। তাঁর মতে, চোটের রিপোর্ট হাতে আসার পর গুরুত্ব বোঝা যাবে। পেশি না ডিস্ক—কোথায় চোট লেগেছে তার ভিত্তিতে ফিরে আসার দিনক্ষণ অনুমান করা সম্ভব; তার আগে নয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে সাদা বলের সিরিজে ইতিমধ্যে দলের বাইরে রাখা হয়েছে বুমরাহকে। লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। তার জন্য চূড়ান্ত দল বাছাইয়ের দিন ক্রমশ এগিয়ে আসছে। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে বদল। তারপর নয়। ভারতের ক্রিকেট অনুরাগীদের আশা-আশঙ্কার দোলাচল কি তার আগেই কাটবে? ‘আনলাকি ১৩’ কোনও দুঃসময় বয়ে আনবে না তো?