
পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার বাবর আজম
শেষ আপডেট: 13 October 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো: ঈশ্বরও বোধহয় আর বাঁচাতে পারবেন না। পাকিস্তান ক্রিকেট দল থেকে ঘাড়ধাক্কা আপাতত সময়ের অপেক্ষা। মেন ইন গ্রিনের তারকা ব্য়াটার বাবর আজমকে নিয়ে এমন অনেক জল্পনা আপাতত হাওয়ায় ঘুরপাক খাচ্ছে।
বাবর আজম শেষ কবে ব্যাট হাতে ভাল পারফরম্য়ান্স করেছিলেন, তা দেখতে গেলে হয়ত পাকিস্তান ক্রিকেট সমর্থকরা ফুলপঞ্জিকা নিয়ে বসবেন। কতদিন যে তাঁর ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়া যায়নি, তা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট সমর্থকরাই বলতে শুরু করেছেন, বাবর নাকি দলের বোঝা হয়ে গিয়েছেন। একটা সময় যাঁকে সবাই 'কিং' বলে ডাকত, যাঁর ব্যাটিং বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হত, তাঁর মাথার উপরেই আপাতত বিদায়ঘণ্টা বাজছে।
আগামী ১৫ অক্টোবর থেকে মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে নামবে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ম্য়াচে তারা এক ইনিংস এবং ৪২ রানে হেরে গিয়েছে। তার থেকেও বড় লজ্জার ব্যাপার, ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার কোনও দল প্রথম ইনিংসে সাড়ে পাঁচশো রান তুলেও ইনিংসে সেই ম্য়াচ হেরে গিয়েছে। এই ম্য়াচের দুটো ইনিংসের মধ্যে কোনওটাতেই বাবর রান করতে পারেননি। এই অবস্থায় দ্বিতীয় টেস্ট ম্য়াচে তাঁকে দলে নেওয়া হবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে শান মাসুদের প্রথম একাদশে হয়ত বাবরের ঠাঁই হবে না। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
কেন টেস্ট ক্রিকেট দলে বাবরকে সুযোগ দেবে পাকিস্তান? ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি টেস্ট ক্রিকেটে শেষ পঞ্চাশ রানটা করেছিলেন। তারপর থেকে বাবরের ব্যাটে কোনও হাফসেঞ্চুরি দেখতে পাওয়া যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের জোড়া ইনিংসে তিনি যথাক্রমে ৩০ এবং ৫ রান করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ডেবিউ করেন বাবর। এরপর একাধিক ধামাকাদার ইনিংস তিনি পাকিস্তান ক্রিকেট দলকে উপহার দেন। এখনও পর্যন্ত ৫৫ টেস্ট ম্য়াচে তিনি ৩,৯৯৭ রান করেছেন। এরমধ্যে ৯ সেঞ্চুরি রয়েছে। ২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাবরের নেতৃত্বে পাকিস্তান একেবারে ভাল পারফরম্য়ান্স করেনি। এরপর সীমিত ওভারের ক্রিকেটে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দেন।