
আইপিএল মেগা অকশনে অংশগ্রহণ করবেন অর্জুন তেন্ডুলকর
শেষ আপডেট: 20 November 2024 12:42
দ্য ওয়াল ব্যুরো : চলতি বছর অর্জুন তেন্ডুলকরকে রিলিজ করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত ২০২৫ আইপিএল মেগা অকশনের দিকে তাকিয়ে রয়েছেন সচিন পুত্র। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে এই মেগা নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে।
গত চার বছর ধরে আইপিএল খেলছেন অর্জুন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার সময় তাঁর বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। কিন্তু, এবার তিনি নিজের বেস প্রাইস ৩০ লাখ টাকায় বাড়িয়ে নিয়ে গিয়েছেন।
২০২০ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী গিয়েছিলেন অর্জুন। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স অর্জুনকে ৩০ লাখ টাকায় সই করায়।
২০২৩ আইপিএল টুর্নামেন্টে ডেবিউয়ের সুযোগ পান অর্জুন। গোটা মরশুমে মাত্র চারটেই ম্য়াচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে এই বছর আইপিএল টুর্নামেন্টে অর্জুন মাত্র একটাই ম্য়াচ খেলার সুযোগ পান। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আপাতত একটা রাইট টু ম্য়াচ (আরটিএম) কার্ড বাকি রয়েছে। এই পরিস্থিতিতে মুম্বই তাঁকে ফের দলে নেয় কি না, সেটাই দেখার।