
মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন অর্জুন তেন্ডুলকর
শেষ আপডেট: 25 November 2024 23:49
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫ মেগা অকশনে ২ বার আনসোল্ড থাকার পর অবশেষে কপাল খুলল অর্জুন তেন্ডুলকরের। মুম্বই ইন্ডিয়ান্স একেবারে অন্তিম রাউন্ডে অর্জুনকে তাঁর বেস প্রাইসে দলে ফিরিয়ে নেয়। ইতিপূর্বে, মুম্বই ইন্ডিয়ান্সেরই ক্রিকেটার ছিলেন অর্জুন। কিন্তু, নিলামের আগে মুম্বই তাঁকে রিলিজ করে দিয়েছিল।
প্রথমের পর দ্বিতীয় রাউন্ডেও অর্জুনের নাম উঠেছিল। কিন্তু, কিংবদন্তি ব্যাটারের ছেলের প্রতি কেউই তেমন আগ্রহ দেখায়নি। সম্প্রতি রনজি ট্রফিতে নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন অর্জুন। গোয়ার হয়ে তিনি পাঁচ উইকেট শিকার করেন।
টানা ২ রাউন্ড আনসোল্ড থাকার পর মুম্বই ইন্ডিয়ান্স অর্জুনের জন্য দর হাঁকে। এই নিলামে অর্জুনের বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে আনসোল্ড থাকেন অর্জুন। তাঁর জন্য কেউই আগ্রহ প্রকাশ করেনি। তবে অন্তিম রাউন্ডে অর্জুনকে দলে নেবে বলে ঠিক করে মুম্বই ইন্ডিয়ান্স।
গত ২ মরশুম মুম্বই ইন্ডিয়ান্স দলেই রয়েছেন অর্জুন। যদিও গত মরশুমে তিনি একটাই ম্য়াচ খেলার সুযোগ পেয়েছিলেন। এই ম্য়াচে অর্জুন কোনও উইকেট শিকার করতে পারেননি। ২০২৩ সালের আইপিএল টুর্নামেন্টে তিনি ৪ ম্য়াচে মাত্র তিনটে উইকেট শিকার করেন। পাশাপাশি ওই বছরই পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি এক ওভারে ৩১ রান খরচ করেছিলেন।