
নিজেদের ঘর গুছিয়ে তুলছে কলকাতা নাইট রাইডার্স
শেষ আপডেট: 24 November 2024 22:07
দ্য ওয়াল ব্যুরো : আইপিএল মেগা নিলামের প্রথমদিন আপাতত মধ্য গগনে। বেশ কয়েকজন তারকা ক্রিকেটার প্রত্যাশা অনুসারে আকাশছোঁয়া দাম পেয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের।
মেগা নিলামে ভেঙ্কটেশ ফের কেকেআর সংসারে ফিরে এলেন। তবে ভেঙ্কটেশ একা নন, নাইট ব্রিগেডে 'ঘর ওয়াপসি' হল আরও ২ ক্রিকেটারের। তাঁদের মধ্যে একজন হলেন রহমানউল্লাহ গুরবাজ। অপরজন হলেন অঙ্গকৃশ রঘুবংশী।
অঙ্গকৃশের বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। তাঁকে নিয়ে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে জোর টক্কর দেখতে পাওয়া যায়। চোখের নিমেষে ৩০ লাখ থেকে টাকার অঙ্ক ২ কোটিতে পৌঁছে গিয়েছিল।
তবে ৩ কোটিতে ওঠার পর হাত তুলে নেয় চেন্নাই সুপার কিংস। শেষপর্যন্ত পুরনো পরিবারেই ফিরে আসেন অঙ্গকৃশ। তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে দলে নেওয়া হয়েছে।
অন্যদিকে রহমানউল্লাহ গুরবাজকে দলে নিতে তেমন বেগ পেতে হয়নি নাইট ম্য়ানেজমেন্টকে। গুরবাজের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কলকাতা ছাড়া অন্য কোনও দল তাঁর জন্য় বিড করেনি।
২০২৩ সালে গুরবাজ কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। প্রথম মরশুমে তিনি ১১ ম্য়াচে ২২৭ রান করেন। এরমধ্যে জোড়া হাফসেঞ্চুরি ছিল। তবে এই বছর তিনি মাত্র দুটো ম্য়াচই খেলেন। ব্যাট হাতে ৬২ রান করেছেন। যদিও ফিল সল্টের জন্য তিনি খেলার সুযোগ পাননি।
ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স মোট পাঁচজন ক্রিকেটারকে দলে নিয়েছে। তাঁরা হলেন - ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, রহমানউল্লাহ গুরবাজ, অঙ্গকৃশ রঘুবংশী এবং কুইন্টন ডি কক। এছাড়া কেকেআর ব্রিগেড ৬ ক্রিকেটারকে রিটেন করেছিল। সেই তালিকায় নাম রয়েছে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।