
আকাশ দীপের ছক্কা দেখে উচ্ছ্বসিত বিরাট
শেষ আপডেট: 1 October 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে বল হাতে তো আগুন ঝরিয়েইছেন, এবার ব্যাট হাতেও বাংলাদেশি বোলারদের কার্যত কচুকাটা করলেন ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা আকাশ দীপ। তাঁর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সোমবার (৩০ সেপ্টেম্বর) কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন আকাশ দীপ। সবথেকে বড় কথা, সম্প্রতি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি তাঁকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। সেই ব্যাট হাতেই একের পর এক ছক্কা হাঁকালেন বাংলার এই পেস তারকা। জোড়া ছক্কা তিনি ইতিমধ্য়ে বিরাটের মন জয় করেছেন। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৯ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে টার্গেট করেছিলেন আকাশ দীপ। ৩৪ ওভারের প্রথম বলটা ডিফেন্স করেন তিনি। এরপর সাকিবের দ্বিতীয় এবং তৃতীয় ডেলিভারিতে তিনি বিশাল বিশাল দুটো ছক্কা হাঁকালেন। আকাশ দীপের এমন ব্যাটিং দেখে সাকিবও বেশ চাপে পড়ে যান।
প্রসঙ্গত, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ক্রিকেট দলের হালও একেবারে ভাল নয়। ইতিমধ্যে তারা ১৩১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছে। টিম ইন্ডিয়ার থেকে তারা মাত্র ৭৯ রানেই এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় বোলাররা বাংলাদেশকে যদি ১০০ রানের মধ্যে বেঁধে ফেলতে পারে, তাহলে এই ম্যাচটা টিম ইন্ডিয়া নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে।