ভারত–পাকিস্তান ম্যাচ নিছক খেলা নয়, বিশ্বক্রিকেটের অর্থনৈতিক ইঞ্জিন। সেই ইঞ্জিন বন্ধ হলে কম্পন শুধু এক ম্যাচে থামে না—গোটা ব্যবস্থাটাকেই ভেঙে দিতে পারে।

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 2 February 2026 14:14
দ্য ওয়াল ব্যুরো: আধুনিক ক্রিকেটে সব ম্যাচ সমান নয়। কিছু খেলার মর্ম ট্রফির থেকেও বড়। টি–২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারত বনাম পাকিস্তান—এই একটি লড়াই কার্যত গোটা টুর্নামেন্টের অর্থনৈতিক মেরুদণ্ড। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ—সব কিছুর কেন্দ্রবিন্দু এই ফিক্সচার। তাই পাকিস্তান সরকার যখন বিশ্বকাপে খেলতে সবুজ সংকেত দিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার অবস্থান নেয়, তখন আইসিসির বার্তাটাও নিছক কূটনৈতিক বিবৃতি নয়—হয়ে ওঠে আর্থিক সতর্ক-সংকেত। বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত—এই সিদ্ধান্ত ‘গ্লোবাল ক্রিকেট ইকোসিস্টেম’কে (global cricket ecosystem) নাড়িয়ে দিতে পারে। সরল ভাষায় বললে: রাজনীতি নয়, এখানে আসল প্রশ্ন টাকা। আর সেই অঙ্কটা বিশাল।
একটি ফিক্সচার, গোটা টুর্নামেন্টের ভরকেন্দ্র
ভারত–পাকিস্তান টি–২০ ম্যাচের বাজারমূল্য ধরা হয় আনুমানিক ৪,৫০০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন প্রিমিয়াম, স্পনসর অ্যাক্টিভেশন, টিকিট বিক্রি এবং আইনি বেটিং ও অন্যান্য আনুষঙ্গিক বাণিজ্যিক কার্যকলাপ। এই একটি ম্যাচে ১০ সেকেন্ড বিজ্ঞাপন স্লটের দাম পৌঁছয় ২৫–৪০ লক্ষ টাকায়—যা অন্য যে কোনও নকআউট ম্যাচের থেকেও বহুগুণ বেশি। সম্প্রচারকারীদের কাছে ‘ক্রাউন জুয়েল’। ফলে এই ফিক্সচার বাদ পড়লে গোটা বিশ্বকাপের আর্থিক কাঠামো বদলে যেতে পারে।
হিসেব বলছে, শুধু এই ম্যাচ থেকে বিজ্ঞাপনবাবদ আয় হতে পারে ৩০০ কোটি টাকা। সম্প্রচারকারীরা (rights holders) চুক্তি করেন নির্দিষ্ট ভ্যালু ধরে। মাঝপথে এমন ম্যাচ বাদ পড়া মানে সরাসরি ভ্যালু ব্রিচ। জানা যাচ্ছে, সম্প্রচার সংস্থা ইতিমধ্যেই ক্ষতির কথা তুলে ধরে আইসিসির কাছে রিবেটের দাবি জানাতে পারে!
ক্ষতির তালিকা: ধাক্কা খাবে কারা, কতটা?
প্রথম ধাক্কা সম্প্রচারকারীর। রিবেট বা ক্ষতিপূরণ মানেই আইসিসির কেন্দ্রীয় তহবিলে চাপ। সেই চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়ে সব সদস্য বোর্ড—বিশেষ করে ছোট ও অ্যাসোসিয়েট বোর্ডগুলোর উপর, যারা আইসিসির রাজস্ব বণ্টনের উপর নির্ভরশীল। ভারত ও পাকিস্তান—দু’পক্ষেরই প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি আনুমানিক ২০০ কোটি টাকা করে। ভারতের ক্ষেত্রে তা সামাল দেওয়া সম্ভব। কিন্তু পাকিস্তানের অঙ্কটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ।
পিসিবি আইসিসির মোট আয়ের ৫.৭৫ শতাংশ পায়—বার্ষিক প্রায় ২৮৫–৩০০ কোটি টাকা। এই রাজস্ব প্রবাহ নির্ভর করে নির্ভরযোগ্যতা ও অংশগ্রহণের উপর। স্বেচ্ছায় ম্যাচ না খেললে তা ‘ফোর্স মাজিওর’ (force majeure) হিসেবে ধরা হয় না। এর অর্থ—কোনও ইনসিওরেন্স কভারেজ নেই, আইনি সুরক্ষা নেই, রয়েছে ক্ষতিপূরণ, জরিমানা ও সম্ভাব্য সম্প্রচারকারী মামলার ঝুঁকি, এমনকি আইসিসির সদস্য চুক্তি ভাঙার অভিযোগে ভবিষ্যৎ অর্থছাড় আটকে যেতে পারে! সব মিলিয়ে ক্ষতির অঙ্ক ৫০০ কোটির গণ্ডি ছোঁয়ার সম্ভাবনা প্রবল।
দীর্ঘমেয়াদি ক্ষতি: টাকা নয়, বিশ্বাসের সংকট
সবচেয়ে বড় ক্ষতিটা এককালীন নয়—বিশ্বাসের। সম্প্রচার সংস্থাগুলোর কাছে পাকিস্তানের ম্যাচ হয়ে উঠবে ‘রিস্ক অ্যাসেট’। এর ফল—ভবিষ্যৎ সম্প্রচার স্বত্বের দর কমবে, স্পনসরশিপে অনীহা বাড়বে, পাকিস্তান–কেন্দ্রিক প্যাকেজ ডিসকাউন্টে বিকোবে। একটা ম্যাচ না খেলার সিদ্ধান্ত ভবিষ্যতের বহু বছরের রাজস্ব কমিয়ে দিতে পারে। আইসিসির বণ্টন ব্যবস্থায় কাগজে কলমে অঙ্ক থাকলেও, বাস্তবে বিশ্বাসযোগ্যতাই দরকষাকষির বড় অস্ত্র।
সবশেষে সমর্থকদের স্বার্থ। হাজার হাজার মানুষ এই ম্যাচের জন্য ফ্লাইট, হোটেল, টিকিট বুক করেন। তাঁদের ক্ষতি তাৎক্ষণিক, ব্যক্তিগত—সর্বোপরি ফেরত-অযোগ্য। সব মিলিয়ে ভারত–পাকিস্তান ম্যাচ নিছক খেলা নয়, বিশ্বক্রিকেটের অর্থনৈতিক ইঞ্জিন। সেই ইঞ্জিন বন্ধ হলে কম্পন শুধু এক ম্যাচে থামে না—গোটা ব্যবস্থাটাকেই ভেঙে দিতে পারে। আর সেই ধাক্কার সবচেয়ে বড় বিলটা শেষ পর্যন্ত যে পাকিস্তানকেই মেটাতে হতে পারে, তা বোঝার জন্য আলাদা হিসেব কষার দরকার আছে কি?