ঋতুপর্ণ ঘোষের 'দেবী চৌধুরাণী'র স্টারকাস্ট ছিল বাংলা, বম্বে, দক্ষিণী ছবির থেকে। যে ছবির বাজেট ছিল অকল্পনীয়। এমনকি হলিউড অভিনেতারাও কাস্ট হতেন ঋতুর ছবিতে।

ঋতুপর্ণর দেবী চৌধুরাণী। গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 30 May 2025 14:30
প্রফুল্ল চলেছে মায়ের সঙ্গে ধানখেতের মধ্যে দিয়ে। শ্বশুরবাড়ি গিয়ে দেখে তাঁর বর ব্রজেশ্বরের বিয়ের ধূমধাম। অপমানে লাঞ্ছিত হয়ে প্রফুল্লর আবার সেই ধানখেতের মধ্যে দিয়ে ফিরে যাওয়া। এই ওপেনিং শট দিয়েই শুরু হত ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) 'দেবী চৌধুরাণী' (Debi Chaudhurani) ছবি।
নামভূমিকায় কোনও টলিউড অভিনেত্রীকে ভাবেননি ঋতুপর্ণ। তাঁর করা স্কেচের সঙ্গে মিলে গেছিল অনিল কাপুর কন্যা সোনম কাপুরের চেহারা। ঋতুপর্ণর দেবী চৌধুরাণী হতেন সোনম কাপুর (Sonam Kapoor)।

এবার পুজোয় ঘোষণা হয়েছে টলিউডের সবথেকে বিগবাজেট ছবি শুভ্রজিৎ বসুর 'দেবী চৌধুরাণী'। নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু ঋতুপর্ণ ঘোষের 'দেবী চৌধুরাণী'র স্টারকাস্ট ছিল বাংলা, বম্বে, দক্ষিণী ছবির থেকে। যে ছবির বাজেট ছিল অকল্পনীয়। এমনকি হলিউড অভিনেতারাও কাস্ট হতেন ঋতুর ছবিতে।

ঋতুপর্ণর ভবানী পাঠক হতেন কমল হাসান (Kamal Haasan)। তাঁকে নবকলেবরে সাজাতেন ঋতুপর্ণ। কমল হাসানের সঙ্গে সোনম কাপুরের রসায়ন এক নতুন উন্মাদনা তৈরি করত পর্দায়। ছবিটি হিন্দিতেই যতদূর ভেবেছিলেন ঋতুপর্ণ।
২০১৩ সালে 'সত্যান্বেষী' ছবি শেষ করে 'দেবী চৌধুরাণী'র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঋতুপর্ণ। যে পিরিয়ড ছবি ইতিহাস তৈরি করত হয়তো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসকে এক নতুন মাত্রা দিতে চেয়েছিলেন ঋতুপর্ণ। কালজয়ী কাহিনিকে বড় ক্যানভাসে ভেবেছিলেন তিনি। শ্যুটিং হত কলকাতা আর লন্ডন মিলিয়ে। জলপাইগুড়ির দেবী চৌধুরাণী মন্দিরের রেইকি করারও কাজ শুরু করেছিলেন তিনি। দু'টো দিক তৈরি করতেন ঋতুপর্ণ ছবিতে। একদিকে সেসময়ের ভারতের প্রেক্ষাপট, অন্যদিকে লন্ডনের রানির রাজ্যপাট। ঋতুপর্ণ ঠিক করেছিলেন কুইন ভিক্টোরিয়ার চরিত্রের জন্য জুডি ডেঞ্চকে অনুরোধ করবেন। ভারতের ডাকাত রানি দেবী চৌধুরাণী'র সঙ্গে কুইন ভিক্টোরিয়ার অবস্থান সমান্তরালভাবে থাকত এই ছবিতে।

সত্যজিৎ রায় সুচিত্রা সেনকে নিয়ে 'দেবী চৌধুরাণী' ছবি করতে পারেননি। সত্যজিতের স্বপ্নপূরণ হয়নি সুচিত্রার 'না' তে। আর ঋতুপর্ণ ঘোষের স্বপ্নপূরণ হল না মৃত্যুর 'না' তে। ২০১৩ সালের মে মাসে যখন 'দেবী চৌধুরাণী' ছবির প্রস্তুতির কাজ শুরু করেছিলেন ঋতুপর্ণ সেই মে-র ৩০ তারিখ ভোরে খবর এল ঋতুপর্ণ ঘোষ নেই। আচমকা খবর পেয়েই চমকে গেল সারা বিশ্ব। আর তৈরি হল না ঋতুপর্ণর 'দেবী চৌধুরাণী'। বাঙালি সত্যজিতের মতোই ঋতুপর্ণর স্বপ্নের কাজ থেকে বঞ্চিত হল। অনেক স্বপ্ন ছিল এই ছবি নিয়ে ঋতুপর্ণর। আজও 'তাসের ঘর' ঋতুপর্ণ ঘোষের বাড়িতে আনাচে-কানাচে খুঁজলে হয়তো পাওয়া যাবে 'দেবী চৌধুরাণী' ছবির খসড়া।