অমিতাভের ষাট বছরের জন্মদিনের পার্টিতে জয়া ঘোষণা করেন অভিষেকের বাগদত্তা করিশ্মা। কিন্তু তারপরই ভেস্তে যায় বিয়ে। জয়ার ঘোষণা মিথ্যে হয়ে যায়। কেন এমন ঘটল?

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 26 June 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো- নয়ের দশকের সফল নায়িকা হলেন করিশ্মা কাপুর। রাজ কাপুর পৌত্রী শুধু স্টারকিড বলেই নয়, নিজের প্রতিভার জোরে বলিউডে শীর্ষস্থান দখল করে নেন। রূপ, যৌবন, কেরিয়ারে সফলতা সবই থেকেও নিজের ঘর পেলেন না করিশ্মা। মেয়ের জীবনে মা ববিতার অতি নিয়ন্ত্রণ কাল হয়ে গেল।
ববিতাও ছিলেন বলিউডের নায়িকা। খুব বেশি ছবি না করলেও যে কটি করেছেন বেশ নামী অভিনেত্রী ছিলেন। কেরিয়ারের আসল সময়টা তিনি রাজ কাপুর পুত্র রণধীর কাপুরকে ভালবেসে বিয়ে করে বসেন। কাপুর পরিবারের বউ হয়ে ববিতাকে বিসর্জন দিতে হয় নিজের অভিনয় জীবন। রণধীর কাপুর নিজেও চাননি ঘরের বৌ স্টুডিও পাড়ায় যাক। অথচ স্টুডিও পাড়ার থেকেই তিনি বউ পছন্দ করেছিলেন। নায়ক হিসেবেও রণধীর খুব বেশি স্টারডম পাননি। এইসব নিয়ে তিক্ততা বাড়তে থাকে রণধীর আর ববিতার মধ্যে। তাঁদের দুই মেয়ে করিশ্মা আর করিনা। করিনা হবার পরপরই ববিতা দুই মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন।
বাড়ির মেয়েদের সিনেমায় নামাতে কাপুর পরিবারের ভীষণ রক্ষণশীলতা ছিল। কিন্তু মেয়েদের একার হাতে মানুষ করতে ববিতার টাকার প্রয়োজন ছিল। করিশ্মার কৈশোর, যৌবন মা ববিতা নিজে হাতেই নষ্ট করে দেন। খুব ছোট বয়সেই করিশ্মাকে সিনেমায় নামিয়ে দেন ববিতা। যা অপছন্দ ছিল কাপুর পরিবারের। মেয়েদের দিয়ে ববিতা নিজের অপূর্ণ সাধ পূরণ করতে চেয়েছিলেন।
প্রথম ছবি ছিল ১৯৯১ সালে 'প্রেম কয়েদি'। ধীরেধীরে ছবি করতে করতে করিশ্মা পৌঁছে যান শিখরে। একের পর এক তাঁর সুপারহিট ছবি 'আন্দাজ আপনা আপনা', 'সুহাগ', 'গোপী কিষান','রাজা হিন্দুস্তানি','কুলি নং ১', 'বিবি নং ১', 'হাম সাথ সাথ হ্যায়' একাধিক সুপারহিট ছবি তাঁর। পাশাপাশি 'জুবেইদা','ফিজা'র মতো মননশীল ছবি করেছেন। 'দিল তো পাগল হ্যায়' ছবি থেকে করিশ্মা জিতে নেন সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার।
কিন্তু ভালবাসা? সেখানেই এসেছে বারবার আঘাত। করিশ্মার পিসির ছেলে ছিলেন জয়া বচ্চনের জামাই। শ্বেতা বচ্চনের বর নিখিল ছিলেন করিশ্মার তুতো ভাই। শ্বেতা বচ্চনের বিয়েতেই করিশ্মার সঙ্গে আলাপ হয় অভিষেক বচ্চনের। ধীরেধীরে গাঢ় হয় দু'জনের প্রেম। করিশ্মা অভিষেকের থেকে বয়সে বড় হলেও, করিশ্মাকে পছন্দ ছিল জয়া বচ্চন-অমিতাভ বচ্চনের।
অমিতাভের ষাট বছরের জন্মদিনের পার্টিতে জয়া ঘোষণা করেন অভিষেকের বাগদত্তা করিশ্মা। কিন্তু তারপরই ভেস্তে যায় বিয়ে। জয়ার ঘোষণা মিথ্যে হয়ে যায়। কেন এমন ঘটল?

তখন করিশ্মা স্টার হলেও তাঁর ঢলতি কেরিয়ার। অভিষেক নবাগত হিরো হলেও সে অর্থে হিট ছবির মুখ দেখছেন না। ববিতা অমিতাভকে বলেছিলেন কোটির অঙ্কে টাকা অভিষেক-করিশমার নামে করে দিতে। তখন অমিতাভও ঋণগ্রস্থ ছিলেন। ববিতার কথা তিনি রাখতে পারেননি। অথচ অভিষেককে মন থেকে ভালবাসতেন করিশ্মা। কিন্তু মায়ের বিরুদ্ধে যেতে পারেননি।
পরের দিকে রণধীরের সংসারে আবার ফিরে আসেন ববিতা। ততদিনে ছোট মেয়ে করিনা সিনেমায় এসেছেন। ২০০৩ সালে কোটিপতি বিবাহিত সঞ্জয় কাপুরের সঙ্গে করিশ্মার বিয়ে দেন ববিতা। সঞ্জয় প্রথম বৌকে ডিভোর্স দেন। কিন্তু করিশ্মা এই বিয়েতে স্বামীর অত্যাচারের শিকার হন। দুই সন্তান পান করিশ্মার এই বিয়ের ফলাফলে। দুই সন্তান নিয়ে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে আসেন তিনি। মেয়ের সংসার আরও ভেঙেছিল মায়ের নিয়ন্ত্রণে।
কদিন আগেই সঞ্জয় কাপুর প্রয়াত হলেন অকালে। করিশ্মা আলাদা থেকেও সেই শোক সহ্য করেন।
নিজের জীবনে সফল হয়েও এক প্রেমহীন, একাকীত্বের জীবন মেলে করিশ্মার। যা তাঁর প্রাপ্য ছিল না। আজ নায়িকার জন্মদিন। কিন্তু এ বছর তাঁর কাছে শোকের আবহ। স্বামীসুখ তিনি পাননি। কিন্তু স্বামীর মৃত্যুর পরও তিনিই বারবার শিরোনামে উঠে এলেন। খ্যাতির বিড়ম্বনা একেই বলে।