
শেষ আপডেট: 2 January 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো: ইলন মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে কি গাঁটছড়া বাঁধছে ভোডাফোন-আইডিয়া? এমন খবর ছড়িয়ে পড়তেই ভারতের স্টক মার্কেটে হুহু করে ভোডাফোনের শেয়ার পড়তে শুরু করে। কিন্তু ভোডাফোনের তরফ থেকে জানানো হয়, মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে কোনও রকম চুক্তি হয়নি, এমনকী আংশিক বা সম্পূর্ণ বিক্রির ব্যাপারে কোনও আলোচনা হয়নি। যা খবর ছড়িয়েছে তা সম্পূর্ণই ভুয়ো।
ভারতে টেলিকম বাজারে ব্যবসা করতে আগ্রহ দেখিয়েছিলেন ইলন মাস্ক। টুইটার মালিকের কোম্পানি স্টারলিঙ্ক মূলত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। বিশ্বের ৬০টি দেশে স্টারলিঙ্ক পরিষেবা দেয়। ভারতের বাজারেও নাকি তারা ঢুকতে চলেছে। এ ব্যাপারে ভোডাফোন-আইডিয়া টেলিকম সংস্থার সঙ্গে যুক্ত হয়েই ভারতের বাজার দখল করতে আসছেন ইলন মাস্ক, এমন খবর ছড়ায়।
মঙ্গলবার এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ভোডাফোন। জানায়, ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিঙ্কের সঙ্গে কোনও আলোচনা হয়নি। পার্টনারশিপের প্রশ্নই নেই। ভারতের স্টক এক্সচেঞ্জকে বিষয়টি জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ভোডাফোন। আরও বলা হয়েছে, 'আমাদের কোম্পানি সেবি লিস্টিং রেগুলেশন মেনে চলে।'
দিন কয়েক আগে একটি সংবাদমাধ্যম দাবি করে, ভারত সরকার নাকি ভোডাফোনের ৩৩ শতাংশ স্টেক ইলন মাস্কের কোম্পানিকে বিক্রি করতে পারে। এই খবর ছড়িয়ে পড়তে শেয়ার বাজারে ক্ষতির মুখে পড়ে ভোডাফোন।