
শেষ আপডেট: 31 March 2025 20:17
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। সঙ্গে চালু হচ্ছে একাধিক নতুন নিয়ম। যা করদাতা, চাকরিজীবী ও সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলবে। নতুন আয়কর কাঠামো, ইউপিআই সংক্রান্ত নিয়ম (UPI Rule), পেনশন ব্যবস্থা (New Pension Scheme) ও ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্সের (Minimum Bank Balance) নিয়মে আসছে বড় পরিবর্তন।
১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ ২০২৫-২৬ (FY26)। কীসে কী নিয়ম লাগু হবে? জেনে নিন
আয়কর সংক্রান্ত নতুন নিয়ম (New Income Tax Rules)
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবছরের বাজেট পেশের সময় জানিয়েছিলেন, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কাউকে আয়কর দিতে হবে না। নতুন আয়কর পরিকাঠামো অনুযায়ী, ৭৫ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া হবে, যার ফলে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বেতনের চাকরিজীবীরা এই সুবিধা পাবেন।
নতুন পেনশন স্কিম (New Pension Scheme) চালু হচ্ছে
২০২৪ সালের অগস্টে চালু হওয়া ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) পুরনো পেনশন স্কিমের জায়গায় আসবে। এই পরিবর্তনের ফলে প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। যারা অন্তত ২৫ বছর চাকরির মেয়াদ পূর্ণ করেছেন, তাঁরা অবসরের পর শেষ ১২ মাসের গড় বেসিক স্যালারির ৫০ শতাংশ সমপরিমাণ পেনশন পাবেন।
ক্রেডিট কার্ডের নিয়মে (Credit Card Rule) পরিবর্তন
বিভিন্ন ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট ও বেনিফিটে পরিবর্তন আনছে। সিম্পলিক্লিক এসবিআই (SimplyCLICK SBI) কার্ড ও এয়ারইন্ডিয়া এসবিআই প্ল্যাটিনাম (Air India SBI Platinum) ক্রেডিট কার্ডের রিওয়ার্ড সেকশনে সংশোধন আনা হচ্ছে। এছাড়া, ভিস্তারা (Vistara) এবং এয়ার ইন্ডিয়া (Air India) জুড়ে যাওয়ার কারণে অ্যাক্সিস ব্যাঙ্কের ভিস্তারা ক্রেডিট কার্ডের (Vistara Credit Card)সুবিধাগুলোও বদলে যাবে।
ইউপিআই (UPI Rule) লেনদেনে নতুন নিয়ম
১ এপ্রিল থেকে বন্ধ হতে পারে ইউপিআই (UPI) পরিষেবা, যদি মোবাইল নম্বর নিষ্ক্রিয় থাকে বা কোনও নম্বর অন্য কাউকে পুনরায় দেওয়া হয়ে থাকে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে (PSP) এমনই নির্দেশ দিয়েছে। যাতে এই ধরনের নম্বর ইউপিআই সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়। মূলত, প্রতারণা ও অননুমোদিত লেনদেন আটকাতে এই পদক্ষেপ করা হয়েছে।
অনেক সময় মোবাইল নম্বর পরিবর্তন বা বন্ধ করার পরও ইউপিআই অ্যাকাউন্ট সক্রিয় থাকে, যার হাত ধরে প্রতারণা হতে পারে। নতুন ব্যবহারকারী ওই নম্বর পেলে তিনি আর্থিক লেনদেন করতে পারেন। তাই গুগল পে (Google Pay), ফোন পে, পেটিএম (Paytm)-সহ অন্যান্য ইউপিআই পরিষেবা নিষ্ক্রিয় নম্বরগুলিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্সের (Minimum Balance) নিয়মে আসছে পরিবর্তন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ও কানাড়া ব্যাঙ্ক-সহ বেশ কিছু ব্যাঙ্ক তাদের ন্যূনতম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন করছে। নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হতে পারে।
জিএসটি-তে (GST Rule) নতুন নিয়ম চালু হতে চলেছে
জিএসটি পোর্টালে লগইন করার জন্য বাধ্যতামূলক মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) চালু করা হবে, যা করদাতাদের নিরাপত্তা আরও বাড়াবে। এছাড়া, ই-ওয়ে বিল জেনারেশনের ক্ষেত্রে এই নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ১৮০ দিনের মধ্যে জারি হওয়া মূল নথিগুলোর ভিত্তিতেই ই-ওয়ে বিল তৈরি করা যাবে।