
শেষ আপডেট: 14 March 2024 11:55
দ্য ওয়াল ব্যুরো: মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট নেটওয়ার্ক 'ভায়াকম এইটটিন মিডিয়া'র ১৩.০১ শতাংশ শেয়ার কিনতে চলেছে। এতদিন এর পুরোটাই ছিল প্যারামাউন্ট গ্লোবালের হাতে। যার পরিমাণ আনুমানিক ৪২৮৬ কোটি টাকা। রিলায়েন্সের তরফে বলা হয়েছে, প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে একটি চুক্তি হয়ে গিয়েছে। প্যারামাউন্ট গ্লোবালের দুটি সাবসিডিয়ারি কোম্পানির কাছে এই শেয়ার ছিল, যার পুরোটাই অর্থাৎ ১৩.০১ শতাংশ কিনছে আম্বানির রিলায়েন্স।
এই চুক্তির ফলে ভায়াকম এইটটিন-এ রিলায়েন্সের ইক্যুয়িটি শেয়ারের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৭০.৪৯ শতাংশ। প্রাথমিকভাবে এতদিন ভায়কমের মালিকানা ছিল রিলায়েন্সের হাতেই। যার পরিমাণ ছিল ৫৭.৪৮ শতাংশ। ভায়াকম এইটটিনের অন্তর্গত কমেডি সেন্ট্রাল, নিকেলোডিওন এবং এমটিভি-সহ ৪০টি টিভি চ্যানেল আছে।
উল্লেখ্য কিছুদিন আগেই রিলায়েন্স ওয়াল্ট ডিজনির সঙ্গে হাত মিলিয়েছে। রিলায়েন্সের চেয়ারম্যান রিটেল থেকে টেলিকমের পর দেশের মিডিয়া জগতেও সফল পদক্ষেপ করেছেন। ২০১৪ সালে রাঘব বহেল-এর কাছ থেকে নেটওয়ার্ক ১৮ কিনে নেওয়ার পর থেকে রিলায়েন্স এখন ভারতের মিডিয়া জগতের সম্রাট বলা যায়।
নেটওয়ার্ক ১৮-এর পর ভায়াকম এইটটিন রিলায়েন্সের ছাতার তলায় আসায় তাদের আরও প্রভাব বিস্তার হল। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ওয়াল্ট ডিজনি কোম্পানি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির অংশীদারিত্বের ঘোষণা হয়। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি এই সংযুক্তিকরণের নেতৃত্বে রয়েছেন।