
পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাঙ্কের, ২৯ ফেব্রুয়ারির পর পরিষেবা নয়
শেষ আপডেট: 31 January 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের (Paytm Payments Bank) উপর বুধবার বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করল রিজার্ভ ব্যাঙ্ক। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিল, ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ক্রেতাদের থেকে টপ-আপ বাবদ কোনও ডিপোজিট নিতে পারবে না। ওয়ালেট (wallet), ফাসট্যাগের লিঙ্ক অ্যাকাউন্টও চলবে না।
তবে হ্যাঁ কোনও ক্রেতার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে তা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
এরই পাশাপাশি পেটিএমের পেরেন্ট কোম্পানি তথা ওয়ান-নাইনটি সেভেন কমিউনিকেশন এবং পেটিম পেমেন্ট ব্যাঙ্ককে টার্মিনেট করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
কেন এমন কঠোর পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক?
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশে বলা হয়েছে, ধারাবাহিক ভাবে অনিয়ম (persistent non-compliances) করে গিয়েছে এই আর্থিক সংস্থা। তা ছাড়া অডিটে আরও অনেক ত্রুটি ধরা পড়েছে বলেই খবর।
অনেকে মনে করছেন, রিজার্ভ ব্যাঙ্কের এই নিষেধাজ্ঞা পেটিএমের ইউপিআই (UPI-Unified Payment Interface) ব্যবসার উপর কোনও প্রভাব ফেলবে না।
এর আগে গত বছর মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্ক এক নির্দেশে জানিয়ে দিয়েছিল যে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নতুন কোনও ক্রেতার খাতা খুলতে পারবে না। তার পরই এই নিষেধাজ্ঞা এল। এর অর্থ হল, পেটিএমের ব্যাঙ্কিং অপারেশনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিল রিজার্ভ ব্যাঙ্ক। তবে তাদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা কাজ করবে যদি উপভোক্তার অন্য কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে তা লিঙ্কড থাকে।