
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 November 2024 18:40
দ্য ওয়াল ব্যুরো: নিজেদের প্ল্যাটফর্মে একের পর এক সন্দেহজনক লেনদেন। সংখ্যাটা প্রায় ২.২ কোটি! তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ই-কমার্স সংস্থা মিশো। গত এক বছরে ১২টি মামলা দায়ের করেছে তাঁরা।
সম্প্রতি সংস্থার বার্ষিক রিপোর্ট প্রকাশ পেয়েছে। সেই 'ট্রাস্ট অ্যাস্যুরেন্স রিপোর্ট'-এ দাবি করা হয়েছে, কোম্পানির প্ল্যাটফর্মকে ব্যবহার করে ১৩ লক্ষ ভুয়ো অর্ডার দেওয়ার চেষ্টা হয়েছে এবং প্রায় ৭৭ লক্ষ টাকা জালিয়াতি করার চেষ্টা হয় যা ব্যাহত হয়েছে। কারণ সংস্থার কর্মীরা একজোট হয়ে দিনরাত এক করে কাজ করে গেছেন।
শেষ ১২ মাসে কমপক্ষে ২.২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন প্রতিহত করেছে। একই সঙ্গে, কলকাতা এবং রাঁচি মিলিয়ে মোট ৪০ জনের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করেছে মিশো। সকলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, একাধিক ইন্টালিজেন্স প্ল্যাটফর্মের সঙ্গে টিম গঠন করে ইতিমধ্যে ১৮ হাজার সন্দেহজনক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মুছেছে মিশো। এছাড়া ১৩০টির মতো সন্দেহজনক ওয়েবসাইট এবং অ্যাপ যারা ব্র্যান্ডের সুনাম নষ্ট করছে বা করেছে তাদেরকেও সরানো হয়েছে।
জালিয়াতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ৯৮ শতাংশ সাফল্য অর্জন করতে পেরেছে মিশো, এমনটাও সংস্থার বার্ষিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাঁরা এও দাবি করেছে, ২০২৩ সালে অক্টোবরের পর থেকে এখনও পর্যন্ত ৭৫ শতাংশ লটারি দুর্নীতির ঘটনা রোধ করা সম্ভব হয়েছে।