
ফাইল ছবি
শেষ আপডেট: 28 February 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শেষদিনে শেয়ার বাজারে বিরাট পতন। কালা শুক্রবারে নিম্নমুখী সেনসেক্সে পকেট ফুটো বিনিয়োগকারীদের। শুক্রবার সকাল ১০টা ৩মিনিটে ১,০০০.৬৪ পয়েন্ট বা ১.৩৫% নামে সেনসেক্স। নিফটি নামে ৩১৬.২৫ পয়েন্ট বা ১.৪%। এখন পর্যন্ত শেয়ার বাজারে ২,৬৬১টি শেয়ারের দাম পড়েছে, দাম বেড়েছে ৫১৭টি শেয়ারের।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে যে বাণিজ্য যুদ্ধের আবহ গড়ে উঠেছে তাতেই হু-হু করে পতন হচ্ছে শেয়ার বাজারের সূচকে। এর জেরে বিনিয়োগকারীদের অর্থ 'উবে' যাচ্ছে। দুপুর গড়াতে গড়াতে সেনসেক্স প্রায় ১৩০০ পয়েন্ট পড়ে গিয়েছিল শুক্রবার। এই পতনের ইঙ্গিত ছিল সকাল থেকেই। শুধুমাত্র সকালের ট্রেডিংয়েই সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছিল। এই আবহে বিনিয়োগকারীদের প্রায় ৭.৫ লাখ কোটি টাকা 'উধাও' হয়ে যায় সকালেই। ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক হুমকির জেরেই ভারতীয় বাজারে এই পতন জারি বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৭৪,৬১২.৪৩। শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে সেনসেক্স ১৩৮০ পয়েন্ট নীচে পড়ে গিয়েছিল। এই আবহে ৭৩,২০০ পয়েন্টের কিছুটা উপরে আছে সেনসেক্স। গত ৬ মাসে সেনসেক্সের পতন হয়েছে ৮.৬৯ শতাংশ। শুধুমাত্র গত ১ সপ্তাহে ১.৪৮ শতাংশ পড়েছে। গত ৫২ সপ্তাহে সেনসেক্স সর্বোচ্চ ৮৫,৯৭৮ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে প্রায় ১৩ হাজার পয়েন্ট নেমেছে সেনসেক্স।
নিফটির ক্ষেত্রেও অবস্থা প্রায় একই। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় নিফটি দাঁড়িয়ে ছিল ২২,৫৪৫.৩৫ পয়েন্টে। এদিন নিফটি ৪০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়ে ২২,১০০-র কিছুটা উপরে ছিল। গত ৫২ সপ্তাহে সেনসেক্স সর্বোচ্চ ২৬,২৭৭.৩৫ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে প্রায় ৪০০০ হাজার পয়েন্ট নেমেছে সেনসেক্স। গত ৬ মাসে নিফটি পড়েছে ৯.৮৮ শতাংশ। এদিকে গত ১ সপ্তাহে নিফটি পড়েছে ১.৬১ শতাংশ।
এদিন বাজারে বড় পতন ঘটেছে ইন্দাসইন্দ ব্যাঙ্ক, ইনফোসিস, টাটা স্টিল, টাটা মোটরস, মারুতি, এইচ সি এল টেক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা প্রভৃতি শেয়ারের। দাম বেড়েছে এইচ ডি এফ সি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রভৃতি শেয়ারের। আন্তর্জাতিক বাজারে এদিনও পতন ঘটেছে ভারতীয় টাকার দরে। এদিনের বাজারে ১ মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৮৭ টাকা ৩৮ পয়সা।