
সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 1 December 2024 20:45
দ্য ওয়াল ব্যুরো: চাকরি পছন্দ নয়, এমন মানুষের সংখ্যা প্রচুর। ব্যবসা করে প্রচুর টাকা কামানোর স্বপ্ন দেখেন, এদেশে এমন মানুষের সংখ্যাও কম নয়। যাঁদের চোখে উদ্যোগপতি হওয়ার স্বপ্ন, তাঁদেরই দিশা দেখাচ্ছেন এই বিলিয়নেয়ার। ফোবসের দেওয়া হিসাব অনুযায়ী, ওই ব্যবসায়ীর নিজের সম্পত্তির পরিমাণ ১০ হাজার ১৪৭ কোটি টাকা।
পড়াশোনা শেষে সাধারণত চাকরি করতে ব্যস্ত হয়ে পড়েন মানুষজন। সেই তুলনায় ব্যবসা করতে চান, এমন মানসিকতা কমই দেখা যায়। ব্যবসা করা, নিজের কিছু করার ওপর বেশ কয়েকবছর ধরেই জোর দিচ্ছে সরকার। উদ্যোগপতিদের সাহায্য করতে বাজারে এসে জনপ্রিয় টেলিভিশন শো-ও। সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন স্কিম এনে।
এত কিছুর পরও যাঁরা ব্যবসা করার স্বপ্ন দেখেও সাহস করতে পারছেন না তাঁদের সাহস দিচ্ছেন অঙ্কুর জৈন। তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত এই ব্যক্তি ডেটিং অ্যাপ টিন্ডারের প্রাক্তন এগজিকিউটিভ। রয়েছে নিজের একটি সংস্থাও। ব্যবসা শুরুর আগে ঠিক কীভাবে এগোলে মুঠো মুঠো টাকা লাভ করা যায়, তিনি জানান এক সাক্ষাৎকারে।
বলেন, 'কোনও একটা সমস্যা নিয়ে ব্যবসা শুরু করতে হবে। ব্যবসা করলে কী পাওয়া যাবে সেটা ভেবে নয়।' তিনি যোগ করেন, 'এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা।' ব্যবসার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে সমস্য়ার কী, তাও উল্লেখ করেন এই ব্যক্তি। বলেন, 'প্রথমেই যাঁরা ব্যবসা শুরু করছেন, তাঁদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল ব্যবসা নিয়ে পড়াশোনা। এই বড় বড় ব্যবসা নিয়ে পড়াশোনা করা লোকজন ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়েন।'
কেন এমন বললেন? যুক্তি দিয়ে মাইক্রোসফটের প্রাক্তন এগজিকিউটিভ নবীন জৈনের ছেলে অঙ্কুর জৈন বলেন, 'এখনকার উদ্যোপতিরা মডেল, স্ট্যাটিসটিক্স ও সম্ভাবনা নিয়ে এত কাটাছেঁড়া করেন যে আসল লক্ষ্য থেকেই সরে যান। মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়টাই হারিয়ে যায়। মানুষের কী দরকার, সেটা বুঝতে পারলেই কেল্লাফতে।'
তাঁর নিজের কোম্পানির উদাহরণ দেন এক্ষেত্রে। তাঁর কোম্পানিও মানুষের সমস্যা সমাধান করে বলে জানান। তাঁর কথায়, 'আপনি যে দেশে বসে আছেন, সেখানে স্বাস্থ্য নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে, বাসস্থান নিয়ে এত মানুষে সমস্যায় রয়েছেন। আর আপনি এখানে বসে?'