ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme - UPS)-এর আওতায় স্বেচ্ছা অবসর (VRS) নেওয়ার নিয়ম স্পষ্ট করতেই এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এনপিএস (NPS) থেকে ইউপিএস-এ যোগ দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫। তার আগে যাতে কর্মীরা অবসর সংক্রান্ত সিদ্ধান্ত সহজে নিতে পারেন, সেই লক্ষ্যেই এই নির্দেশিকা।

শেষ আপডেট: 7 November 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নতুন একাধিক নির্দেশিকা জারি করেছে পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতর (DoPPW)। ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme - UPS)-এর আওতায় স্বেচ্ছা অবসর (VRS) নেওয়ার নিয়ম স্পষ্ট করতেই এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এনপিএস (NPS) থেকে ইউপিএস-এ যোগ দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫। তার আগে যাতে কর্মীরা অবসর সংক্রান্ত সিদ্ধান্ত সহজে নিতে পারেন, সেই লক্ষ্যেই এই নির্দেশিকা।
কে নিতে পারবেন স্বেচ্ছা অবসর?
ইউপিএসের ১৩ নম্বর বিধি অনুযায়ী, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি নিয়মিতভাবে ২০ বছর পরিষেবা সম্পন্ন করে ফেলেন, তবে তিনি স্বেচ্ছা অবসরের জন্য আবেদন করতে পারেন। তবে শর্ত, কর্মীকে অবশ্যই ইউপিএস স্কিমে যুক্ত থাকতে হবে।
নোটিস পিরিয়ড: কমপক্ষে তিন মাস
যে কোনও কর্মীকে অবসর নেওয়ার জন্য অন্তত তিন মাস আগে লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। তবে দফতরের কাজ ব্যাহত না হলে এই নোটিস পিরিয়ড কমানোর ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষের হাতে থাকবে।
কর্তৃপক্ষের নীরবতা মানেই অনুমোদন
যদি নির্দিষ্ট তিন মাসের মধ্যে কর্তৃপক্ষ কর্মীর আবেদন নাকচ না করে, তাহলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে ধরা হবে। অর্থাৎ, নির্ধারিত সময় পেরিয়ে গেলে আলাদা কোনও ছাড়পত্রের প্রয়োজন হবে না।
মত পরিবর্তনের সুযোগ থাকবে কি?
থাকবে, তবে অনুমোদনের মাধ্যমে। একবার আবেদন জমা দিলে কর্মী নিজে থেকে তা প্রত্যাহার করতে পারবেন না। নিয়োগকারী কর্তৃপক্ষের লিখিত সম্মতি লাগবে। এছাড়া অবসর নেওয়ার নির্ধারিত তারিখের অন্তত ১৫ দিন আগে আবেদন প্রত্যাহারের অনুরোধ জানাতে হবে। কারা এই নিয়মের আওতায় পড়বেন না? এই নিয়ম প্রযোজ্য নয়—যাঁরা অতিরিক্ত কর্মী হিসাবে বিশেষ VRS স্কিমে অবসর নিচ্ছেন (DoPT-এর নিয়ম অনুযায়ী)। বা যাঁরা পদত্যাগ করে কোনও স্বশাসিত সংস্থা বা পাবলিক সেক্টর ইউনিটে যোগ দিচ্ছেন।
অবসরের পর পেনশন গণনা কেমন হবে
ইউপিএস নিয়ম অনুযায়ী, পেনশন নির্ভর করবে কর্মীর মোট চাকরির মেয়াদের উপর। ২৫ বছরের কম পরিষেবা থাকলে, কর্মী প্রো-রাটা (pro-rata) ভিত্তিতে নিশ্চিত পেনশন পাবেন — অর্থাৎ যত বছর চাকরি করেছেন, সেই অনুপাতে পেনশন। ২৫ বছর বা তার বেশি পরিষেবা সম্পন্ন করলে, পূর্ণাঙ্গ নিশ্চিত পেনশন সুবিধা প্রযোজ্য হবে। সরকারের মূল লক্ষ্য হল কর্মীদের অবসর সংক্রান্ত অধিকার, সময়সীমা ও সুবিধা নিয়ে যেন কোনও বিভ্রান্তি না থাকে। এই নতুন নির্দেশিকা সেই পরিকল্পনাকেই স্বচ্ছ ও সহজ করে তুলবে বলে কেন্দ্রের দাবি।