
বাঁধা চুলের যত্ন নেবেন কীভাবে?
শেষ আপডেট: 12 April 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাসের শুরুতে এই বছর ভীষণ গরম (summer) পড়ে গেছে। তার মধ্যে অফিসকাছারি তো থেমে থাকবে না। বাইরে আপনাকে বেরতেই হবে। এই গরমে খোলাচুলে বাইরে বেরনো মানে যেন বিভীষিকা। হোমমেকারদের হলেও বা কী, গরমে-ঘামে বাঁধাচুলের যাচ্ছেতাই অবস্থা। মাথার ত্বকে হাওয়া না পৌঁছলে চুল উঠবে মুঠো মুঠো। তা সত্ত্বেও কিছু ছোটখাট নিয়ম মেনে চললেই চুল থাকবে প্রাণবন্ত-
১) রবারের ব্যান্ড এড়িয়ে চলুন :
রবারের ব্যান্ডে (rubber band) এমনিই চুল জড়িয়ে ছিঁড়ে যায় বেশি। এর পরিবর্তে ব্যবহার করুন কাপড়ের ব্যান্ড (স্ক্রাঞ্চি-scrunchie) বা স্টাইলিশ রিবন। এতে চুলে টান পড়বে কম, চুলের গোড়ায় হাওয়া লাগবে। গরমে ফ্যাশনও থাকবে অটুট।
২) ঢিলে করে চুল বাঁধুন:
খুব বেশিক্ষণ যদি চুল বেঁধে রাখতে হয়, তাহলে আলগা করে বাঁধাই ভাল। গরমে মাথা ঘামলে চুল ভিজবেই। ভেজা চুলে (wet hair) মাথার ত্বকে টান পড়লেই উঠবে চুল।
৩) চুলের স্টাইল (hair style) বদলান মাঝে মাঝে:
দিনের পর দিন একই ধরনে বা একদিকেই সিঁথি করে চুল বাঁধতে থাকলে সেই জায়গা থেকে চুল উঠবে, এবং মাথা ফাঁকা হতে শুরু করবে। তাই মাঝে মাঝেই চুল বাঁধার ধরন পাল্টাতে থাকুন।
৪) বাঁধার আগে চুলের ডগা ময়েশ্চারাইজ করুন:
চুলের ডগা খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে পড়ে। ফলে সেই অবস্থায় বাঁধলে চুল নষ্ট হয় খুব তাড়াতাড়ি। সব সময় সেরাম (hair serum) লাগিয়ে চুলের ডগা ময়েশ্চারাইজ (moisturise) করে রাখার চেষ্টা করুন।
৫) ভেজা চুল বাঁধা নৈব নৈব চ:
ভিজে থাকলে চুল দুর্বল থাকে এবং এলাস্টিসিটি বেশি থাকে সেই সময়। ফলে ভেজা চুল (wet hair) বাঁধলে টান পড়ে ছিঁড়ে যায়। বাঁধার আগে সব সময় চুল হাওয়ায় বা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন।
৬) মাঝে মাঝে চুল খুলে রাখার চেষ্টা করুন:
অফিসে লাঞ্চ ব্রেকে বা বাড়িতে থাকলে মাঝে মাঝে চুল খুলে রাখুন। শ্বাস নিতে দিন মাথার ত্বককেও। এতে চুলের পাশাপাশি মাথার ত্বকের টেনশনও কমে।
৭) রাতে হালকা বিনুনি বা ঢিলে খোঁপা করে রাখুন:
ঘুমোনোর আগে পুরো চুল খোলা না রেখে হালকা হাতে বিনুনি করে নিন, বা স্যাটিনের স্ক্রাঞ্চি (satin scrunchie) দিয়ে খোঁপা করে রাখতে পারেন। এতে চুলে ঘষা কম লাগবে, ছিঁড়বেও কম।