খাঁটি সিল্ক ও তসর পোশাকের বিশেষ প্রদর্শনী ‘সিল্কোৎসব’ নিয়ে কলকাতায় আসছে বান্ধবী।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 14 January 2026 18:25
দ্য ওয়াল ব্যুরো: রেশম মানে কি শুধুই উৎসবের পোশাক? বা বিশেষ অনুষ্ঠানের! সেই চেনা ধারণা ভাঙতে কলকাতায় শুরু হচ্ছে সিল্কোৎসব। বিশুদ্ধ, অর্গ্যানিক সিল্ক সঙ্গে নিখুঁত কাজকে সামনে রেখে এর আয়োজন করতে চলেছে 'বান্ধবী-দ্য স্টোর' বুটিক।
বিশুদ্ধ রেশম শিল্প, ঐতিহ্য আর আধুনিক ভাবনার মেলবন্ধন এই উৎসবের ভিত। উদ্যোক্তা মেহুলি ঠাকুর (Mehuli Thakur) ও তাঁর সন্তান 'বান্ধবী – দ্য স্টোর'। শুধু প্রদর্শনী নয়, তাদের সিল্ক নিয়ে ২১ বছরের দীর্ঘ যাত্রা উদযাপিত হবে এর মাধ্যমে।
এতে থাকছে একেবারে নতুন হাতবোনা ও হাতরঙা পোশাকের সম্ভার-বিশুদ্ধ রেশম (Pure Resham) ও তসর (Tussar) সিল্কে তৈরি শাড়ি এবং আধুনিক সিলুয়েট। মূলত পশ্চিমবঙ্গ (West Bengal) ও ভারতের অন্যান্য সিল্ক উৎপাদনকারী অঞ্চল থেকে সংগৃহীত অর্গ্যানিক সুতোর ব্যবহারেই তৈরি হয়েছে প্রতিটি পোশাক। কাপড় বোনা থেকে শুরু করে রং করা ও পোশাকের ভাবনা-সবটাই সম্পূর্ণ হাতে, কোনও যন্ত্র ছাড়া। অর্থাৎ মেশিন মেড নয় পুরোপুরি।
বান্ধবী – দ্য স্টোরের কর্ণধার মেহুলি ঠাকুর জানান, শুরু থেকেই তারা শুধুমাত্র খাঁটি সিল্ক নিয়ে কাজ করছেন। অ্যাসিড কালার (Acid Colour) প্রযুক্তিতে হাতে আঁকা রং সিল্কের সঙ্গে এমনভাবে মিশে যায়, যা অন্য কোনও কাপড়ে সম্ভব নয়। রেশম ও তসর এমন এক মাধ্যম, যেখানে শিল্প স্থায়ী হয়ে ওঠে কাপড়ের গায়ে।
মেহুলি নিজেও একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী (Painter)। হাতের আঁকার এই বিশেষ ধারাকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করেছেন। ‘সিল্কোৎসবে’ রেশমকে শুধুমাত্র উৎসবের পোশাক নয়, বরং দৈনন্দিন ব্যবহারের উপযোগী, জলবায়ু-বান্ধব (Climate-friendly) কাপড় হিসেবেই তুলে ধরা হবে।
মেহুলি ঠাকুরের মতে, গরমপ্রধান (Tropical) দেশের জন্য সিল্ক আদর্শ। সকলে যাতে সবসময় সিল্ক পরতে পারেন, তার চেষ্টাই তিনি করেছেন।
১৬ ও ১৭ জানুয়ারি ২০২৬- এই দু’দিন ডোভার লেনের রেডিয়ান্ট: বুক ক্যাফে অ্যান্ড বিস্ত্রো (Raydiant: Book Café & Bistro)-তে সাজবে পসরা। জরি বা ঝিলমিল নয়, বরং শিল্প, রং, টেক্সচার ও টেকসই ভাবনাই হবে মূল আকর্ষণ।