
জ্যাকলিন ফার্নান্দেজ
শেষ আপডেট: 24 January 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজের সৌন্দর্য নিয়ে বলিউডে সবসময়ই আলোচনার ঝড় ওঠে। তাঁর ঝলমলে চুল, উজ্জ্বল ত্বক এবং মুগ্ধকর ব্যক্তিত্ব অনেকের কাছেই অনুপ্রেরণা। তবে এই গ্ল্যামার রূপচর্চার দামি জিনিসে নয়, বরং রান্নাঘরের সাধারণ উপাদানে লুকিয়ে আছে।
চুল ও ত্বকের যত্নে ঘরোয়া পদ্ধতি
জ্যাকলিনের মতে, ঘন চুলের জন্য ডিমের সাদা অংশই সেরা। এটি চুলে মাস্ক হিসেবে ব্যবহার করে পরে বিয়ার দিয়ে ধুয়ে ফেলেন তিনি। চুলের ম্যাসাজ এবং ভাল মানের কন্ডিশনার ব্যবহারের দিকেও নজর দেন তিনি। সুন্দর ত্বকের জন্য জ্যাকলিন সুষম খাবারের উপর জোর দেন।
রান্নাঘরের উপাদান দিয়ে দারুণ কার্যকর ফেসপ্যাক তৈরি করেন, যেমন দই ও মধুর মিশ্রণ। ত্বক সতেজ রাখতে তিনি বরফ ব্যবহার করেন, যা কাপড়ে মুড়ে মুখে লাগান। ঠোঁট মসৃণ রাখতে মধু ব্যবহার করাও তাঁর রুটিনের অংশ।
ডায়েট প্ল্যানও শেয়ার করেছেন:
নিজের ফিটনেস ধরে রাখতে জ্যাকলিন খুব নিয়মিত ডায়েট মেনে চলেন। সকালে টোস্ট এবং মুসলি দিয়ে দিন শুরু করেন। দুপুরে স্যালাড এবং সবজি খেয়ে হালকা রাখেন ডায়েট। রাতের খাবারে স্যালমন, সুশি বা বাদামের মতো সুপারফুড রাখতে পছন্দ করেন তিনি। জ্যাকলিনের মতে, প্রকৃত সৌন্দর্যের জন্য বাইরের পণ্যের তুলনায় ভেতর থেকে যত্ন নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। রান্নাঘরের উপাদান দিয়েই সৌন্দর্য ধরে রাখা সম্ভব—এটাই তাঁর বিশ্বাস।