অজান্তেই কিছু দৈনন্দিন অভ্যাস ত্বকের ক্ষতি করছে, বাড়াচ্ছে ব্রণ ও বলিরেখা। সতর্ক না হলে ত্বকের সমস্যা আরও বাড়তে পারে, এখনই বদলান এই অভ্যাসগুলি।

স্কিন কেয়ার (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 25 March 2026 15:32
দ্য ওয়াল ব্যুরো: নিয়ম করে স্কিনকেয়ার (Skincare Routine) করছেন, তবু ফল মিলছে না? বিশেষজ্ঞদের মতে, সমস্যা সব সময় আপনি কী করছেন, তাতে নয়—বরং কী না বুঝে করছেন, তাতে লুকিয়ে থাকতে পারে। ছোট ছোট দৈনন্দিন অভ্যাসই অনেক সময় ত্বকের সুরক্ষা স্তর (Skin Barrier) নষ্ট করে, ব্রণ (Breakouts) বাড়ায়, এমনকি বলিরেখাও (Ageing) তাড়াতাড়ি ডেকে আনে।
এই বিষয়ে সতর্ক করেছেন ডার্মাটোলজিস্ট (Dermatologist) ও ডার্মাটো সার্জন (Dermatosurgeon) চর্মরোগ বিশেষজ্ঞ ডা. পরমেশ্বর কানাডে (Dr Parmeshwar Kanade) । তাঁর কথায়, শুধু প্রোডাক্ট নয়, সচেতনতা (Awareness) সমান গুরুত্বপূর্ণ।
প্রথমেই আসে বালিশের ওয়ার (Pillowcase)। প্রতিদিন ঘুমের সময় এতে জমে তেল, ঘাম ও ব্যাকটেরিয়া (Bacteria)। দীর্ঘ সময় তা ত্বকের সংস্পর্শে থাকলে ব্রণ ও জ্বালাভাব বাড়তে পারে। নিয়মিত বালিশের ওয়ার বদলালে এই সমস্যা অনেকটাই কমে।
এর পরেই মুখে হাত দেওয়া (Touching Face)। অজান্তেই আমরা বারবার মুখে হাত দিই—চিবুকে ভর দিয়ে বসা, ব্রণ খোঁচানো বা হালকা স্পর্শ। এতে ময়লা ও ব্যাকটেরিয়া সরাসরি ত্বকের রোমকূপে (Pores) ঢুকে প্রদাহ, দাগ ও জেদি কালো ছোপ (Dark Spots) তৈরি করতে পারে।
উজ্জ্বল ত্বকের আশায় অতিরিক্ত এক্সফোলিয়েশন (Over-Exfoliation) করাও বড় ভুল। স্ক্রাব (Scrub) বা অ্যাসিড (Acid) বেশি ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়। ফলে ত্বক সংবেদনশীল হয়ে পড়ে, লালচে ভাব বাড়ে এবং ব্রণ আরও বাড়তে পারে।
একইভাবে অতিরিক্ত মুখ ধোয়া (Over-Cleansing) উল্টে সমস্যা বাড়ায়। বারবার ধোওয়ায় ত্বকের স্বাভাবিক তেল সরে গেলে শরীর আরও বেশি তেল তৈরি করতে শুরু করে। এতে শুষ্কতা (Dryness) ও ব্রণের এক চক্র তৈরি হয়।
খাদ্যাভ্যাস (Diet)-ও বড় ভূমিকা নেয়। অতিরিক্ত চিনি (Sugar) শরীরে প্রদাহ বাড়ায় এবং কোলাজেন (Collagen)-এর উপর প্রভাব ফেলে। ফলে ত্বক নিস্তেজ হয়ে পড়ে, বলিরেখা দ্রুত আসে।
আর একটি বড় ভুল—ঘরে থাকলে সানস্ক্রিন (Sunscreen) না লাগানো। জানালা দিয়ে অতিবেগুনি রশ্মি (UV Rays) ঢুকে ত্বকের ক্ষতি করতে পারে, যা পিগমেন্টেশন (Pigmentation) ও বয়সের ছাপ বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, ভাল ত্বক মানে শুধু বেশি প্রোডাক্ট নয়। বরং কম করা ও সচেতন হওয়াই আসল চাবিকাঠি। ছোট অভ্যাসগুলো ঠিক করলেই ধীরে ধীরে মিলবে পরিষ্কার, উজ্জ্বল ও সুস্থ ত্বক।