
শেষ আপডেট: 9 December 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার সরাতে সংশ্লিষ্ট দেশগুলিকে অনুরোধ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেমবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন তিনি।
ইউরোপের ওই ২৭টি দেশে অভিন্ন মুদ্রার পাশাপাশি একটি ভিসা নিয়েই সব ক'টি দেশে যাওয়া যায়। ইউনুস রাষ্ট্রদূতদের বলেন, ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়াতে কড়াকড়ি আরোপ করেছে। ফলে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলিতে যেতে বাংলাদেশিদের সমস্যা হচ্ছে।
বৈঠকে ইউনুস বলেন, অভিন্ন ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা পড়শি অন্য। কোনও দেশে নিয়ে যাওয়া হোক। বৈঠক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। কূটনৈতিক মহল মনে করছে, ইউনুসের এই বক্তব্য ভারতের সঙ্গে সংঘাতের আরও একটি বার্তা। ভারতের বিদেশ সচিব ঢাকায় থাকাকালে ইউনুস দিল্লি থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার সরাতে সংশ্লিষ্ট দেশগুলিকে আর্জি জানিয়েছেন। যদিও ভিসা নিয়ে ভারতের কড়াকড়ি সাময়িক বলে নয়া দিল্লি ইতিমধ্যেই জানিয়েছে বাংলাদেশকে।