
শেষ আপডেট: 10 November 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: শাকিব-আল-হাসানের ডেরায় আপন মনে ঘুরে বেড়াচ্ছেন বিরাট কোহলি। লন্ডন ছেড়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। নেই ক্যামেরার ফ্ল্যাশ লাইটের ঝলকানি, নেই অনুগামীদের সেলফি তোলার আবদার। তাহলে কি অস্থির বাংলাদেশে শান্তির খোঁজে তারকা? একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি, বিরাটকে দেখে এই সব প্রশ্ন করছে নেটিজেনরা।
পরনে কালো টিশার্ট ও ঢিলেঢালা ডেনিম। মাথায় বেগুনি টুপি সঙ্গে চোখে কালো রোদ চমশা। গলায় চেইন সঙ্গে রিং। ঢাকার রাস্তায় কিং কোহলি। হাতে একটি ট্রলি। ঢাকা এয়ারপোর্ট থেকে বেরিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। কথা বলতে গিয়ে দেখা গেল ঝরঝরে বাংলা ভাষায় কথা বলছেন তিনি। কোহলি বাংলাও জানেন?
আসলে ইনি হলেন খানিকটা কিং কোহলির বডি ডাবল। দিব্যি কোহলির স্টাইল নিয়ে রাস্তায় ঘুরছেন। ফ্যানরা এসে ছবিও তুলছেন। হাঁটা থেকে স্টাইল, জামা কাপড় পরার ধরন থেকে ট্রলি নিয়ে হাঁটা, হুবহু এক। মুখের অবয়বের সঙ্গে মিল থাকলেও এতোটা অনেকসময় হয় না।
কোহলির ফ্যান তাই তাঁর মতোই সেজে ঘুরে বেড়ান বাস্তবের মহম্মদ আরমান। কোহলির মতো জামাকাপড়, লাইফস্টাইল, হাঁটাচলা সবই রপ্ত করেছেন তিনি ধীরে ধীরে। কীভাবে হল শুরুটা? প্রশ্নের উত্তরের আরমান বলেন, 'বাড়ির লোক বলত কোহলির মতো দেখতে কিন্তু সেনিয়ে কখনও ভেবে দেখা হয়নি। পরে বুঝি সত্য়ি তো আমাকে কোহলির মতো দেখতে। তারপরই তাঁর মতো হাঁটা, জামা পরা শুরু করি। আমাকে আজকাল লোকে আরমান কোহলি বলে। আমার ভালই লাগে।'
বর্তমানে পড়াশোনা করছেন আরমান। তার ফাঁকেই এভাবে ঘুরে বেড়ান বাংলাদেশের এদিক ওদিক। তিনি বলেন, 'আমি যেদিন থেকে ক্রিকেট দেখা শুরু করেছি সেদি থেকে কোহলির ফ্যান। কিছু বছর ধরে তাঁর মতো হওয়ার চেষ্টা করছি।'
ক্রিকেট নিয়ে ভারত-বাংলাদেশের বিস্তর লড়াই। সোশ্যাল মিডিয়া খুললেই তার প্রমাণ পাওয়া যায়। কিন্তু বিরাট কোহলির এই ফ্যানের স্পষ্ট কথা, 'দেশের জন্য বাংলাদেশ ক্রিকেট আগে হলেও আইডল বিরাট কোহলিই।' নিজের বক্তব্যের সাপেক্ষে যুক্তি দিয়ে বলেন, 'এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ক্রিকেট জগতে যে কাউকেই ভাল লাগতে পারে।'
তিনি শেষে অবশ্য বলেন, 'বিরাট কোহলির সঙ্গে আমার তুলনা হওয়ার প্রশ্নই নেই। কিন্তু দেখা হলে ভাল লাগত। সেলফি তুলতাম।' তবে, আইডলকে সামনে দেখলে প্রথমেই অজ্ঞান হয়ে যেতে পারেন বলেও জানান আরমান।