
শেষ আপডেট: 10 June 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো: ‘আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদকে কোনও কটূক্তি করিনি। আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করত, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করত। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দিবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না। একটা ছেলে হয়ে নিজের বাবা–মায়ের মানসম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেঁচে থাকতে পারব না। কোনো দিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারব না। আত্মহত্যা মহাপাপ আমি জানি। আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি।’
ফেসবুকে কথাগুলি লিখে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালের চারুকলা অনুষদের তরুণ ছাত্র শাকিল আহমেদ। বছর চব্বিশের ওই পড়ুয়ার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামশা গ্রামে।
পুলিশ জানিয়েছে, ফেসবুকে নবীকে নিয়ে অন্য একজনের পোস্টে কিছু মন্তব্য করেছিলেন শাকিল। তাতে বহু মানুষ সমাজমাধ্যমে সরব হলে পরিচিতদের পরামর্শ মেনে পোস্টকি সে ডিলিট করে দিয়েছিল। দিন কয়েক আগে সাত মাস আগে ডিলিট করে দেওয়া পোস্টের স্ক্রিনশট ওই তরুণের এক বন্ধু ফের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। তার জেরে শাকিলের উপর চাপ বাড়তে থাকে। বাড়িতে চড়াও হয় কিছু মানুষ। গ্রামে রটিয়ে দেওয়া হয় সে নাস্তিক।
স্থানীয় সিঙ্গাইর থানার ওসি তৌফিক আজম বলেছন, আত্মোপলব্ধি এবং পারিবারিক সম্মানহানীর কারণে তরুণ গলায় ফাঁস দেয় বলে মনে করা হচ্ছে। তাঁকে কেউ হুমকি দিয়েছিল কি না বিশদ তদন্তে জানা যাবে। তেমন কিছু হয়ে থাকলে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ উঠবে।