.jpeg)
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 15 January 2025 22:31
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সংবিধান সংশোধন কমিশন দেশের জাতীয় সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদ নিয়ে গুচ্ছ সুপারিশ করেছে। দ্য ওয়াল-এ আগেই লেখা হয়েছিল, অধ্যাপক আলি রিয়াজের নেতৃত্বাধীন কমিশন বাংলাদেশেও ভারতের মতো দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব দিয়েছে।
কমিশন আরও বলেছে, জাতীয় সংসদের মেয়াদ হবে চার বছর। অর্থাৎ সদস্যরা চার বছরের জন্য নির্বাচিত হবেন। ২১ বছর বয়স হলেই সংসদের ভোটে প্রার্থী হওয়া যাবে। কমিশন আরও বলেছে, কেউ দু’বারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে পারবেন না।
বাংলাদেশে সংসদের মেয়াদ বর্তমানে পাঁচ বছর। সংসদ নির্বাচনে প্রার্থী হতে ন্যুমতন ২৫ বছর বয়স হতে হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। কমিশন সুপারিশ করেছে, রাষ্ট্রপতি ভোটে উপজেলা এবং পুরসভার একজন করে প্রতিনিধিও ভোট দিতে পারবেন।
প্রধানমন্ত্রী পদ নিয়ে কমিশন বলেছে, ওই পদে যিনি বসবেন তিনি দলের এবং সংসদের শীর্ষ পদে থাকতে পারবেন না। অর্থাৎ একই ব্যক্তি দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী হলে দলের শীর্ষ পদ ছেড়ে দিতে হবে। ভারতের মতো বাংলাদেশেও সংসদের নেতা হলেন প্রধানমন্ত্রী। অধ্যাপক আলি রিয়াজের নেতৃত্বাধীন কমিশন বলেছে, প্রধানমন্ত্রী সংসদেরও শীর্ষ পদে থাকতে পারবেন না।
বলাই বাহুল্য প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতা সংঙ্কুচিত করার লক্ষ্যে এই সব সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পরই বাংলাদেশের নানা মহল থেকে বলা হয়েছিল আওয়ামী লিগ নেত্রী ক্ষমতার অব্যবহারের সুযোগ পেয়েছেন সংবিধান দুর্বল থাকায়। সংবিধানেই প্রধানমন্ত্রীকে প্রভূত ক্ষমতা দেওয়া আছে। এবার সংবিধান সংশোধন কমিশনের সুপারিশগুলি কতটা গ্রহণ করা হবে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনসাধারণের মতামত নেবে।
কমিশন সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করার সুপারিশ করেছে। বাংলাদেশ সংসদের এখন সদস্য সংখ্যা ৩৫০। এরমধ্যে ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। মহিলা সদস্যদের দলগুলি প্রাপ্ত আসনের ভিত্তিতে মনোনীত করে। কমিশন মহিলা আসনের সংখ্যা দ্বিগুণ করার সুপারিশ করেছে। মহিলাদের জন্য সংরক্ষিত ১০০ আসনেই নির্বাচন হবে। সংসদের নিম্ন কক্ষের মোট আসন সংখ্যা বৃদ্ধি করে ৪০০ করার প্রস্তাব দিয়েছে কমিশন। উচ্চকক্ষের আসন সংখ্যা হবে ১০৫।