
ঢাকায় রাস্তার নাম রাখা হল শহিদ ফেলানি সড়ক।
শেষ আপডেট: 14 September 2024 10:37
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ঢাকায় ভারত হাই কমিশনের অফিসের সামনের রাস্তার নামকরণ করা হল শহিদ ফেলানি সড়ক।
সূত্রের খবর, শুক্রবার এই ফলক বসানো নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হয়। বিভিন্ন সংগঠনের তরফে একেবারে দূতাবাসের সামনে ওই ফলক বসানোর দাবি জানানো হয়েছিল। তবে প্রশাসন তাতে রাজি হয়নি।
তা নিয়ে কিছুটা উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে রাস্তার অন্য একটি প্রান্তে ফলকটি বসানো হয়। সেখানে প্রবলভাবে ভারতবিরোধী স্লোগানও ওঠে। 'দিল্লির দাদাগিরি মানছি না', 'বাংলাদেশের বিষয়ে ভারতের দাদাগিরি বন্ধের স্লোগান ওঠে। ভারতের পণ্য বয়কটের স্লোগানও শোনা যায়।
কেন হঠাৎ ভারতের হাই কমিশনের অফিসের সামনের রাস্তার নতুন নামকরণ করা হল? কে এই ফেলানি?
২০১১ সালে বাংলাদেশের কুড়ি গ্রাম জেলার ফুলবাড়ি এলাকাতে ১৪ বছরের কিশোরী ফেলানি খাতুন বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন। সে সেময় ওই ঘটনা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তো বটেই বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও সরব হয়েছিল। অভিযোগ উঠেছিল, কিশোরী ফেলানিকে গুলি করার পর তাঁর দেহ ৪ ঘণ্টা মতো ঝুলিয়ে রাখা হয়েছিল কাঁটাতারের বেড়ার উপর। ওই ঘটনা নিয়ে সে সময় বাংলাদেশে তুমুল ভারতবিরোধী পরিস্থিতি তৈরি হয়।
এরই পাশাপাশি বাংলাদেশে সীমান্ত হত্যা বলে একটি ইস্যু রয়েছে। নানা অজুহাতে বিএসএফ বাংলাদেশিদের গুলি করে হত্যা করে বলে সে দেশের মানুষের একাংশের অভিযোগ। এমনকী ক'দিন আগেও দু'জন বাংলাদেশি বিএসএফের গুলিতে মারা গেছে বলে অভিযোগ।
জানা যাচ্ছে, ৫ অগাস্ট গণ অভ্যুত্থান হওয়ার পর থেকে ফের ফেলানি খাতুনের বিষয়টিও আন্দোলনকারীদের মুখে মুখে ঘুরছে। তাঁদের বক্তব্য, আজও ওই ঘটনার কোনও বিচার হল না। এরই প্রতিবাদে এদিন কয়েকটি সংগঠনের তরফে ঢাকায় ভারত হাই কমিশনের সামনের রাস্তার নামকরণ করা হল শহিদ ফেলানি সড়ক।