
আইনজীবী রবীন্দ্র ঘোষ
শেষ আপডেট: 12 December 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ১৬ দিন ধরে জেলবন্দি। তাঁর হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। যে কারণে আদালত কক্ষেই মার খেতে হয়েছে তাঁকে। দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকিও। তার পরও জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি এগিয়ে আনতে ফের আদালতের দ্বারস্থ তিনি।
চট্টগ্রাম জেলে বন্দি হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনতে চেয়ে বুধবার জেলা আদালতে সওয়াল করতে পারেননি রবীন্দ্র ঘোষ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নামজাদা আইনজীবী বুধবার ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে হাজির হয়ে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন ২ জানুয়ারির পরিবর্তে ওই দিন শোনার জন্য বিচারকের কাছে আর্জি জানান। বিচারক সাইফুল ইসলাম আর্জি খারিজ করে দেন।
জানা যায়, চট্টগ্রাম আদালতের বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা এজলাসে ঢুকে তুমুল আপত্তি তোলেন সেই সময়। চিন্ময়ের জামিনের আর্জির বিরোধিতা করে স্লোগান দেন। হট্টগোলের মধ্যে আদালতের কাজ পণ্ড হয়ে যায়। বিরক্ত বিচারক এজলাস ছেড়ে নিজের চেম্বারে চলে যান। দুপুরে এজলাসে ফিরে বলেন, জামিনের আর্জি তিনি শুনবেন না।
চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী অভিযোগ করেন, ৩০-৪০ জন আইনজীবী তাঁকে ধাক্কা মারেন। জজ সাহেবের সামনেই কোর্টের ভিতরে নিগ্রহ করা হয়। তবে জামাতপন্থীদের হুঁশিয়ারি বা হুমকিতে পিছিয়ে না এসে আজ ফের চট্টগ্রাম আদালতে সওয়াল করলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী।
জামিনের আবেদনে বলা হয়, মিথ্যা ও বানানো মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন সন্ন্যাসী। তা ছাড়া তিনি ডায়াবেটিস, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন রোগে আক্রান্ত। নিরাপত্তার কারণে ৩ ডিসেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিস শর্মা শুনানিতে অংশ নিতে পারেননি।
পাল্টা সরকারি আইনজীবী বলেন, চিন্ময়কৃষ্ণ দাসের আগাম জামিনের আবেদনকারী আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনও ওকালতনামা জমা দেননি। তা ছাড়া চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিস শর্মাও হাজির নেই। মামলা লড়ার জন্য রবীন্দ্র ঘোষকে লিখিত কিছু দেননি তিনি। এরপরই, আদালত আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন খারিজ করে দেয়। ২ জানুয়ারিই হবে সন্ন্যাসীর জামিন মামলার শুনানি।