
মহম্মদ ইউনুস
শেষ আপডেট: 16 February 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে পাসপোর্ট ইস্যু করার আগে পুলিশ ভেরিফিকেশন করার বিধান বাতিল করল মহম্মদ ইউনুসের সরকার। রবিবার ঢাকায় জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনুস বলেন, ‘পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার।’
প্রধান উপদেষ্টার এই বক্তব্য ফেসবুক পোস্টে জানিয়েছেন তাঁর সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। এর আগে প্রধান উপদেষ্টা ই-পাসপোর্ট চালুর করার কথা বলেছেন। তাঁর বক্তব্য, পাসপোর্ট পেতে আর অফিসে দৌড়াদৌড়ি করার দরকার হবে না। ঘরে বসে অনলাইনে পাওয়া যাবে পাসপোর্ট।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তে ভারত সরকার উদ্বিগ্ন। বাংলাদেশ সরকার পাসপোর্ট দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশনের বাধ্যতামূলক বিধান প্রত্যাহার নিতে পারে বলে আগেই আভাস মিলেছিল। তখন থেকেই ভারতের গোয়েন্দা সংস্থাগুলি উদ্বেগ প্রকাশ করে আসছিল।
তাদের বক্তব্য ছিল, বাংলাদেশ সরকার এমন সময় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যখন সে দেশে জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত লোকজন সাধারণ মানুষের মধ্য মিশে রয়েছে। গত বছর ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে-পরে জেল ভেঙে বহু সন্ত্রাসী বাইরে বেরিয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জামিনে ছাড়া পেয়েছে একাধিক সন্ত্রাসী ও দাগি জঙ্গি।
বস্তুত এই কারণে গণ অভ্যুত্থানের পর বেশ কয়েক মাস বাংলাদেশিদের ভিসা দিতে কড়াকড়ি করে ভারত সরকার। সম্প্রতি নিয়ম শিথিল করলেও আগের অবস্থায় ফেরেনি। ভারতীয় এজেন্সিগুলির বক্তব্য, পুলিশ ভেরিফিকেশন উঠে গেলে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত লোকজনও বৈধ পাসপোর্ট নিয়ে সীমান্ত পেরনোর সুযোগ পেয়ে যাবে।
যদিও বাংলাদেশ সরকার এই বক্তব্য মানতে নারাজ। নয়া সিদ্ধান্তের সুবিধা পাবেন সাধারণ নাগরিকেরা। শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে পুলিশ রিপোর্ট পাসপোর্ট বিভাগের কাছে আছে। এমন লোকেরা পাসপোর্টের জন্য দরখাস্ত করলে পাসপোর্ট বিভাগের নজরে আসবে। কাউকে পাসপোর্ট না দেওয়ার অধিকারও সংশ্লিষ্ট আইনে রয়েছে।
বাংলাদেশ সরকারের আরও বক্তব্য, বাংলাদেশিদের শুধু ভারতে যেতে পাসপোর্ট দেওয়া হয় না। তারা বিশ্বের নানা দেশে যান। আর কোনও দেশ পুলিশ ভেরিফিকেশন করা বা না করা নিয়ে প্রশ্ন তোলে না। পৃথিবীর বহু দেশেই পাসপোর্ট দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন করে না। বস্তুত, ভারতেও নাগরিকদের একাংশকে পুলিশ ভেরিফিকেশন না করেই পাসপোর্ট দেওয়া হয়ে থাকে।