.webp)
শেষ আপডেট: 26 January 2024 08:59
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। তিনি বাংলাদেশের নাগরিক হলেও রবীন্দ্র সঙ্গীতের জগতে নাগরিকত্বের সরকারি তকমার উর্ধ্বে। শান্তিনিকেতনে বেড়ে ওঠা এই শিল্পী ভারতেও তুমুল জনপ্রিয়।
বৃহস্পতিবার ভারত সরকার এ বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তিন রাষ্ট্রীয় সম্মান প্রাপকের যে তালিকা প্রকাশ করেছে তাতে পদ্মশ্রীর জন্য নির্বাচিত ছয় বিদেশি নাগরিকের অন্যতম রেজওয়ানা। তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'স্বাধীনতা' পেয়েছেন ২০১৬ সালে।
২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকারও তাঁকে বঙ্গভুষণ সম্মান প্রদান করে। রেজওয়ানার রবীন্দ্র সঙ্গীত শিক্ষার সঙ্গে জড়িয়ে আছে শান্তিনিকেতন। সেখানে নীলিমা সেন, শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, গোরা সর্বাধিকারী, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, অশেষ বন্দ্যোপাধ্যায়দের কাছে তালিম নিয়েছেন। ঢাকায় সুরের ধারা নামে একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের তিনি চেয়ারম্যান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গভূষণ সম্মান গ্রহণ করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। একই বছর বঙ্গবিভুষণ সম্মান পান সৌমিত্র চট্টোপাধ্যায়। ফাইল ছবি।
বাংলাদেশের বহু বিশিষ্টজন এর আগে ভারতের রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন। ২০২১-এ সে দেশের সংস্কৃতি চর্চার অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব সন্জীদা খাতুন এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহিরকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল ভারত সরকার। তার আগে অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলি ‘পদ্মভূষণ’ সম্মান পেয়েছেন। মোয়াজ্জেম আলি এই সম্মান পান ভারত-বাংলাদেশের মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলাতে বিশেষ অবদানের জন্য।
বিগত বছরগুলিতে ‘পদ্মশ্রী’ সম্মান পেয়েছেন বাংলাদেশের নামজাদা প্রত্নতত্ত্ববিদ এনামুল হক ও সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরীও।