শনিবার রাতে ঢাকায় প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির (BNP) বহুচর্চিত বৈঠকে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ফের খালি হাতেই ফিরল খালেদা জিয়ার দল।

ভোট নিয়ে বিএনপি এখন কী করবে?
শেষ আপডেট: 24 May 2025 21:28
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে ঢাকায় প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Chief Advisor to Bangladesh Md Yunus) সঙ্গে বিএনপির (BNP) বহুচর্চিত বৈঠকে নির্বাচনের রোড ম্যাপ (election road map) নিয়ে ফের খালি হাতেই ফিরল খালেদা জিয়ার দল (Khaleda Zia's party)। বিএনপি নেতৃত্বের এই দাবি নিয়ে বৈঠকে রা কাড়েননি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, তাঁরা ফের দাবি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু প্রধান উপদেষ্টা কিছু জানাননি।
খালেদা জিয়ার দল তিনদিন আগে সাংবাদিক বৈঠক ডেকে ঘোষণা করেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা না করা হলে তারা সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করবেন। শনিবারও এই ব্যাপারে খালি হাতে ফিরতে হওয়ায় বিএনপি নেতৃত্ব এরপর কী পদক্ষেপ করে সেটাই দেখার। তবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বেশিদূর যাওয়া কঠিন হতে পারে বলেই মনে করছে দলের একাংশ। বিএনপি নেতারা জানান তাঁরা দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টা খলিলুর রহমানকে সরানোর দাবি লিখিতভাবে পেশ করেছেন।
শনিবার প্রধান উপদেষ্টার অফিস যমুনায় তাঁর সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবারই প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামায়াতে ইসলামির সঙ্গে। আগামীকাল রবিবার তিনি বৈঠকে ডেকেছেন অন্য দলগুলিকে। এ যাত্রার ইউনুস বিপদ কাটিয়ে উঠছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।