
ফের অশান্ত বাংলাদেশ।
শেষ আপডেট: 1 August 2024 11:04
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরলেও কার্ফু এখনও পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। সেনা বাহিনীও ক্যান্টনমেন্টে ফিরে যায়নি। গুরুত্বপূর্ণ ভবনের বাইরে সেনা মোতায়েন আছে।
এমন পরিস্থিতির মধ্যেও আন্দোলনের বিরাম নেই ছাত্রদের। ‘মার্চ ফর জাস্টিস’ নামে নতুন আন্দোলন ঘিরে ফের অশান্ত হয়েছে ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট, বগুড়া, যশোর, ঠাকুরগাঁও এলাকা। বুধবার দিনভর ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলার পর সন্ধ্যায় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ নামে আরও এক নতুন আন্দোলন কর্মসূচির ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
মার্চ ফর জাস্টিস আন্দোলনের ডাক ছাত্ররা দিলেও প্রথম দিন থেকেই তাতে যুক্ত হয়েছেন অভিভাবক এবং বিভিন্ন পেশার মানুষ। একটি আদালত চত্বরে আন্দোলনকারীদের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে আপত্তি জানান আইনজীবীদের একাংশ। পুলিশ প্রায় একশো জনকে আটক করে। তাদের অর্ধেক পড়ুয়া এবং বাকিরা ছাত্র। যা থেকে মনে করা হচ্ছে বাংলাদেশে চলমান আন্দোলনে ছাত্রদের সামনে রেখে বিরোধী দল এবং সরকার বিরোধী মানুষ শামিল হতে শুরু করেছেন। বিএনপি প্রকাশ্যেই ঘোষণা করেছে সরকার বিরোধী সব আন্দোলনে তারা পাশে আছে।
মার্চ ফর জাস্টিস এবং রিমেম্বারিং আওয়ার হিরোজ’ আন্দোলনের মূল দাবি, কোটা বিরোধী আন্দোলন দমনে অভিযুক্ত পুলিশের সাজা, ধৃতদের মুক্তি ইত্যাদি। বাংলাদেশ সরকার পুলিশের সাজার বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কাছে বিবেচনার জন্য পেশ করবে।
তবে ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। যেমন ঢাকা মহানগর পুলিশের হাই-প্রোফাইল গোয়েন্দা প্রধান হারুন অর রশীদকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে গোয়েন্দা পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চের পুলিশকে সংক্ষেপে ডিবি-পুলিশ বলা হয়ে থাকে। ডিবি প্রধান হিসাবে হারুনের একটি পদক্ষেপ ঘিরে দেশে বিতর্ক সৃষ্টি হয়।
অভিযোগ, তিনি আন্দোলনকারীদের ছয় সমন্বয়কে ডিবি দফতরে আটকে রেখে ভালমন্দ খাওয়ানোর ব্যবস্থা করে ছবি তুলে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। সেখানেই চাপ দিয়ে আন্দোলন প্রত্যাহারের কথা বলানো হয় তাঁদের দিয়ে। সেই ছবির ভিত্তিতে এক সরকারি আইনজীবী হাই কোর্টে আন্দোলনকারীদের সম্পর্কে উপহাস করেছিলেন, ‘ছবিতে দেখলাম ডিবি পুলিশের অতিথিশালায় তাঁরা কাঁটা চামচ দিয়ে ভালমন্দ খাচ্ছে।’ এই মন্তব্য শুনে ক্ষিপ্ত বিচারপতি সরকারি আইনজীবীকে সতর্ক করে দিয়ে বলেন, ‘নাগরিকদের নিয়ে মস্করা করবেন না।’