
সাকিব আল হাসান এবং ফিরদৌস
শেষ আপডেট: 23 August 2024 16:37
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার হাত থেকে রক্ষা পেলেন না জাতীয় দলের ক্রিকেটার সাবিব আল হাসান। নিস্তার পাননি অভিনেতা ফিরদৌসও। দু’জনের বিরুদ্ধেই ঢাকায় খুনের মামলা দায়ের হয়েছে। দু’জনেই আওয়ামী লিগের সাবেক সাংসদ।
সাকিব বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তিনি বর্তমানে জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে রয়েছেন। মাগুরার প্রাক্তন সাংসদ সাকিব এবং ঢাকা-১০ আসনের এমপি ফিরদৌসের বিরুদ্ধে ঢাকায় এক পোশাক কর্মীর পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশকে খুনে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছেন নিহতের বাবা। নিহতের নাম মহম্মদ রুবেল। তাঁর বাবা রফিকুল ইসলাম থানায় অভিযোগ করেছেন, ঘটনার সময় অদূরেই সাকিব ও ফিরদৌস উপস্থিত থেকে নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে উৎসাহ দেয়।
এই মামলাতেও শেখ হাসিনা এবং আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-সহ দলের শতাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিনেতা ফিরদৌস সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছাড়ার পর থেকেই নিরুদ্দেশ। তিনি পালিয়ে কলকাতায় এক অভিনেত্রীর বাসায় এসে উঠেছেন বলে বাংলাদেশ মিডিয়ায় ক’দিন আগে খবর প্রকাশিত হয়। বাংলাদেশের সংবাদমাধ্যমকেই কলকাতার সেই অভিনেত্রী বলেছেন, এই খবর ভুল। ফিরদৌস তাঁর কাছে আসেননি।
সাকিব এবং ফিরদৌস দু’জনেই শেখ হাসিনা ও তাঁর বোন রেহানার অত্যন্ত স্নেহধন্য। দুই বোন ফিরদৌসের ঢাকা-১০ আসনের ভোটার। এ বছর জানুয়ারিতে বাংলাদেশ সংসদের নির্বাচনের প্রচারে ফিরদৌস ঘোষণা করেন, শেখ হাসিনা ও রেহানার বাকি জীবন দেখভালের দায়িত্ব তাঁর। এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত সাকিব ছিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।