
চিন্ময় কৃষ্ণ দাস
শেষ আপডেট: 1 December 2024 20:33
দ্য ওয়াল ব্যুরো: চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে পেশ করা হবে। কিন্তু রবিবার সন্ধা পর্যন্ত কোনও আইনজীবী পাওয়া যায়নি তাঁর হয়ে জামিনের আবেদন করার।
গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণের জামিন চেয়ে যে ৬০ জন আইনজীবী আদালতে লড়াই করেছিলেন তাঁদের সকলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁরা সকলেই হিন্দু। চট্টগ্রাম আদালত সেনা, পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী ঘিরে রেখেছে। গ্রেফতারের ভয়ে তাঁরা কেউ রবিবার আদালতে যাননি। রবিবার বাংলাদেশ সরকারি অফিসকাছারি খোলা থাকে।
এই পরিস্থিতিতে মামলা না থাকা কয়েকজন আইনজীবী চিন্ময় কৃষ্ণের হয়ে জামিনের আবেদন জানাতে কাগজপত্র প্রস্তুত করা শুরু করলে তাঁদের খুনের মামলায় ফাঁসানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
এদিকে, নিরাপত্তার কারণে মঙ্গলবার চিন্ময় কৃষ্ণকে আদালতে সশরীরে পেশ নাও করা হতে পারে। পুলিশ ধৃত সাধুর বিষয়ে রিপোর্ট পেশ করবে। রবিবার পর্যন্ত আর কোনও মামলায় তাঁর নাম জড়ানো হয়নি। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে হিন্দু ঐক্য জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে গেলে আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। আড়াই ঘণ্টা প্রিজন ভ্যান আটকে রাখে তাঁর অনুগামীরা। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ ও সেনা লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হাঙ্গামার মধ্যে এক তরুণ আইনজীবী শাইফুল ইসলাম নিহত হন। তাঁর পরিবার খুনের মামলা দায়ের করেছে।
নিহত আইনজীবীর ভাই পৃথক এক মামলায় ১১৬ জনের নাম করে এবং অজ্ঞাত পরিচিত আরও পাঁচশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই তালিকায় চিন্ময় কৃষ্ণের জামিন চেয়ে লড়াই করা ৬৫ আইনজীবীর নাম রয়েছে। তাঁদের অন্যতম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের চট্টগ্রাম ডিভিশনের সাধারণ সম্পাদক ও মহানগর পুজো পরিষদের সভাপতি নিতাই প্রসাদ ঘোষ রবিবার টেলিফোনে বলেন, 'আমরা আপ্রাণ চেষ্টা করছি কোনও আইনজীবীকে দিয়ে জামিনের আর্জি জানাতে। আশা করছি মঙ্গলবার প্রভু চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি পাবেন।' তিনি আরও বলেন, আইনজীবীদের বাধা দেওয়া হলে সরকারের উপর দায় বর্তাবে প্রভুর জামিনের আবেদন পেশ করা। আইনি সহায়তা দেওয়া রাষ্ট্রের কাজ।
চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জি জানাতে প্রস্তুতি শুরু করা আইনজীবীদের একাংশের অভিযোগ, তাঁদের আইনজীবী খুনের মামলায় নাম জুড়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সদ্য পাশ করা ছাত্ররা চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের খুনের মামলায় ফাঁসানো ভয় দেখাচ্ছে।