
প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 December 2024 14:45
দ্য ওয়াল ব্যুরো: জয় বাংলা আপাতত জাতীয় স্লোগান নয় বাংলাদেশের। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ বাংলাদেশ সরকারের নথিপত্রে জয় বাংলা লেখা এবং সরকারি অনুষ্ঠান শেষে এর উল্লেখ করা আপাতত বাধ্যতামূলক নয়। মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের এক আপিলের জবাবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই ব্যাপারে হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেন।
হাইকোর্ট 'জয় বাংলা'-কে জাতীয় স্লোগান বলে রায় দিয়েছিল ২০২০ সালে। ২০২২-এ শেখ হাসিনা সরকার সরকারিভাবে ওই স্লোগান গ্রহণ করে। জয় বাংলা হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র। বন্দেমাতরম যেমন ছিল অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা।
ইউনুস সরকার ক্ষমতায় এসে ইতিপূর্বে মুক্তিযুদ্ধ বিষয়ে একাধিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছে। সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাদ দিতে চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মুক্তিযুদ্ধের মূল বিষয় ছিল বাংলা ও বাঙালি জাতীয়তাবাদ। অন্তর্বর্তীকালীন সরকার এবার সেখানেও বদল চেয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানিয়েছে। যা মঙ্গলবার মঞ্জুর করল শীর্ষ আদালত।