
শেখ হাসিনা।
শেষ আপডেট: 6 August 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: ভারত ছেড়ে অজানা গন্তব্যে পাড়ি দিলেন বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে দিল্লির নিকটবর্তী হিন্ডন বিমান ঘাঁটি থেকে তাঁর বিমান রওনা হয়। তবে এই মুহূর্তে তাঁর গন্তব্য কোন দেশ তা জানা যায়নি। এমনকী তিনি ওই বিমানে আছেন কিনা তাও এখনও নিশ্চিত নয়। তবে যে বিমানে তিনি গাজিয়াবাদে এসেছিলেন, সেই বিমানটি এদিন উড়ে গিয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকার। তবে এদিন সর্বদল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারত সরকার শেখ হাসিনার সঙ্গে কথা বলেছে। তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কিছু সময় চেয়েছেন। আমরাও তাঁকে ভাবার জন্য কিছু সময় দিতে চাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ভারতের দীর্ঘদিনের বন্ধু-দেশ বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্দিনে তাঁকে নিরাপদ জায়গা দিলেও তিনি তাঁর দ্বিতীয় ঘরবাড়ি লন্ডনে যাত্রা করতে পারেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। প্রথমে গুজব রটে যায়, সোমবার বিকেলে দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন। ওইদিন দুপুরেই ঢাকা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর কপ্টারে তিনি আগরতলা এসে পৌঁছান। সেখান থেকে হাসিনাকে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নিয়ে আসা হয়। তারপরই বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হাসিনা লন্ডনের উদ্দেশে যাত্রা করেন বলে খবর ছড়িয়ে পড়ে। আবার অন্য একটি সূত্র জানায়, শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন। এরপর তিনি লন্ডনে যাবেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে একটি সূত্রে দ্য হিন্দুর খবরে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে থাকা তাঁর বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। তাই তাঁর রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নেই। সেখানে তাঁর ও তাঁর মেয়ের বাড়িও রয়েছে। নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে সোমবার স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতীয় সেনাবাহিনীর কর্তারা তাঁকে স্বাগত জানান।