
'ইন্ডিয়া আউট' প্রচারের বিরুদ্ধে সরব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দ্য ওয়াল ।
শেষ আপডেট: 27 March 2024 21:12
দ্য ওয়াল ব্যুরো: 'ইন্ডিয়া আউট' প্রচারের বিরুদ্ধে বুধবার জোরালো ভাষায় হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদল বিএনপি'র নেতাদের উদ্দেশ্যে বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, যারা ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন তারা তাদের স্ত্রী'দের ভারতীয় শাড়ি পুড়িয়ে দেখান তো।
হাসিনার বক্তব্য, বিএনপি নেতাদের স্ত্রী'দের কাড়ি কাড়ি ভারতীয় শাড়ি আছে। তারা কি পারবেন স্ত্রী'দের ওই বহুমূল্য শাড়ি পুড়িয়ে দেখাতে?
হাসিনা বলেন, বিএনপি জমানায় মন্ত্রীরা প্রায়ই সস্ত্রীক ভারতে গিয়ে বাক্স বোঝাই করে শাড়ি নিয়ে আসতেন। একবার ভারতে যাওয়ার বিমানে উঠে দেখি পাঁচ মন্ত্রী সস্ত্রীক যাচ্ছেন। পরে জানলাম এক একজন সাতটা আটটা করে স্যুটকেস নিয়ে ফিরেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কারণ সে দেশে চলমান 'ইন্ডিয়া আউট' প্রচার। সামাজিক মাধ্যমে কয়েকজন এই মর্মে প্রচার শুরুর পর বিরোধী দল বিএনপিও তাতে সামিল হয়েছে। দলীয় দপ্তরে দলের এক নেতা গায়ের শাল চাদর ফেলে দিয়ে বলেছেন, এটা কাশ্মীরি সাল। ভারত থেকে কেনা। এই সাল আমি পরিত্যাগ করলাম।
যদিও বিএনপি'র সরাসরি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেও তাতে তেমন কোনও সাড়া মেলেনি। আসলে বাংলাদেশে ভারতীয় পণ্য যথেষ্ট জনপ্রিয়। আবার অধিকাংশ পণ্যের জন্য এই পড়শি দেশ ভারতের উপর নির্ভরশীল।
এই বাস্তবতা মাথায় রেখে শাসক দল আওয়ামী লিগ এবং বাংলাদেশ সরকার ইন্ডিয়া আউট প্রচারের বিরুদ্ধে পাল্টা ময়দানে নেমেছে। সে দেশের সেতু মন্ত্রী তথা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ লাগাতার এই প্রচারের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিয়েছেন। বুধবার তাতে গলা বেলালেন স্বয়ং প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ সুপ্রিমো শেখ হাসিনা।
ভারতীয় পণ্য বয়কটের ডাকে সমর্থন করার স্বপক্ষে বিএনপি'র বক্তব্য, ভারত বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে নয়, একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রেখে চলে। আওয়ামী লিগ এবং শেখ হাসিনার স্বার্থ দেখাই ভারত সরকারের কাজ হয়ে দাঁড়িয়েছে। এর জবাবে আওয়ামী লিগ নেতারা ভারত সরকার কীভাবে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের পাশে প্রকৃত বন্ধুর মতো আছে নানা দৃষ্টান্ত সহকারে তা তুলে ধরছেন। কারও কারও মতে, এই প্রচারের পিছনে চিনের উস্কানি রয়েছে। মালদ্বীপের পর তারা বাংলাদেশকেও ভারতের প্রভাব মুক্ত করতে চাইছে। তবে হাসিনার বুধবারের বক্তব্যের স্পষ্ট তিনি এই আন্দোলনকে কিছুতেই মাথা তুলতে দেবেন না। তাই বিএনপি নেতাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। বুধবার তিনি বলেন, শীত চলে গিয়েছে। এখন একজন নেতা শাল পোড়াচ্ছেন। আবার ভারতীয় পণ্য বয়কটের কথা বলে সে দেশের জিনিস কিনে পোড়াচ্ছেন। সাহস থাকলে বউদের ভারতীয় শাড়ি পোড়ান।