
শেষ আপডেট: 24 March 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ঢাকায় সেনাবাহিনীর সদর দপ্তরে জরুরী বৈঠক চলছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বৈঠক শেষে জাতির উদ্দেশে বার্তা দিতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ সহ সে দেশের সমস্ত নিরাপত্তা বাহিনীকে সতর্ক প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সেনা তৎপরতা নিয়ে ওয়াকিবহাল একাধিক সূত্র বানাচ্ছে আজকালের মধ্যেই বড় কোন ঘোষণা করতে পারেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী মহম্মদ ইউনুসকে সরিয়ে দেশের শাসনভার হাতে তুলে নেবে নাকি জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে তা এখনও স্পষ্ট নয়। সেনা সদরে বাহিনীর সমস্ত গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ডাকা হয়েছে। সকাল দশটা থেকে বৈঠক চলছে।
যদিও সেনাবাহিনীর তৎপরতার মূল উদ্দেশ্য নিয়ে কেউই পুরোপুরি নিশ্চিত নন। কোনও মহল মনে করছে সেনা ক্ষমতার দখল নিতে পারে। আবার ভিন্ন ধারণা হল, সরকারকে চাপে রেখে নির্বাচন নির্দিষ্ট সময় অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে চাইছে বাহিনী। তাদের দ্বিতীয় লক্ষ্য হল আওয়ামী লিগকে অংশ নিতে দিয়ে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করা।
তবে অনেকেই মনে করছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনার আরও তৎপর হওয়া দরকার। এমনকী কোনও কোনও মহল চাইছে গৃহযুদ্ধের সম্ভাবনা থেকে দেশকে রক্ষা করতে সেনাবাহিনীর নিজেদের হাতে শাসনভার তুলে নেওয়া উচিত।
সোমবার সেনা সদরে যে বৈঠক হচ্ছে এমন বৈঠক গত বছর ৩ অগাস্ট হয়েছিল। বাহিনীর পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকের পর ওয়াকার উজ জামান বিবৃতি দিয়ে বলেছিলেন, যে কোনও পরিস্থিতিতে সেনা বাহিনী দেশবাসীর পাশে থাকবে। এখন দেখার সোমবারের বৈঠক নিয়ে সেনাপ্রধান বা সেনা সদর কী বলে।