
নববর্ষের মঙ্গল শোভাযাত্রা।
শেষ আপডেট: 11 April 2025 15:09
দ্য ওয়াল ব্যুরো: পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চর্চা বাংলাদেশে। কারণ এবারের শোভাযাত্রার জন্য ঘোষিত নতুন নাম— ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এর আগের নাম ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’, যা দীর্ঘদিন ধরে নববর্ষের অন্যতম সাংস্কৃতিক প্রতীক হিসেবে পরিচিত ছিল।
এই নিয়ে আলোচনা প্রসঙ্গে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, 'আমরা কোনও নতুন নাম দিচ্ছি না এই অনুষ্ঠানের। বরং চারুকলার যে প্রাথমিক পরিচিতি ছিল, সেই পুরনো নাম ও ঐতিহ্যেই ফিরে যাচ্ছি।'
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বাংলা নববর্ষ উদ্যাপনের নানা দিক তুলে ধরতেই এই সম্মেলনের আয়োজন করা হয়।
উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, 'এই শোভাযাত্রার বার্তা দুটি। একদিকে রাজনৈতিক ও সামাজিক দমন-পীড়নের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের প্রতীক, অন্যদিকে জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির আহ্বান। চারুকলার মোটিফগুলো এই বার্তাগুলো বহন করে।'
১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা আয়োজন করে আসছে চারুকলা অনুষদ। সেই সময় এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। পরবর্তীতে নয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে অশুভ শক্তিকে প্রতিহত করে মঙ্গলকে আহ্বান জানানোর বার্তা যুক্ত করে নামকরণ হয় ‘মঙ্গল শোভাযাত্রা’।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো ‘মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে, যা এই আয়োজনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়।