
শেখ হাসিনা
শেষ আপডেট: 30 March 2025 20:18
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বাংলাদেশে (Bangladesh) ইদ (Eid) পালিত হবে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Chief Advisor Md Yunus) রবিবার দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটায় তিনি জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়বেন। বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি গণ্যমান্য ব্যক্তির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ইদ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তায় ইউনুস বলেছেন, ‘সকলকে আনন্দময় ইদ মোবারক জানাচ্ছি। আশা করি ইদের সময়, আপনারা শান্তিপূর্ণভাবে বাড়িতে যেতে পারবেন এবং পরিবারের সঙ্গে আনন্দের ইদ উদযাপন করবেন।’
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ইদ উপলক্ষে সাধারণ দেশবাসীর পাশাপাশি আওয়ামী লিগের (Awami League) নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। আলাদা করে উল্লেখ করেছেন দলের ঘরছাড়া, আহত, নির্যাতিত নেতা-কমীদের কথা। এই প্রসঙ্গেই তাঁর কথায় পরিজনের সঙ্গে এবারের ইদ পালন না করতে পারার আক্ষেপ ঝড়ে পড়ে।
তিনি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, নিরীহ ও বিপন্ন মানুষসহ বাংলাদেশ আওয়ামী লিগের নির্যাতিত কোটি নেতাকর্মী আজ আমার মতোই আপনজনের সঙ্গে ইদ করতে পারছেন না। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের সময়ে শহিদ সকলের পরিবারের সদস্যবর্গ এবং নির্মম নির্যাতন-নিপীড়নে আহত ও পঙ্গুতবরণকারী সহ কারাগারে বন্দি অজস্র নেতাকর্মীর পরিবারের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি।
হাসিনা বলেছেন, আপনারাই আমার আপনজন। আপনাদের জন্য, বাংলাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের আপনজন হিসেবেই আমি জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ যখন এখনও আমাকে বাঁচিয়ে রেখেছেন তখন আপনাদের নিয়েই আমি বাঁচতে চাই। আপনাদের হয়ে এবং আপনাদের জন্য আমার সংগ্রাম চলবে।
তিনি বলেছেন, ‘ইদ উল ফিতরেরে পবিত্র দিনে রাব্বুল আল আমিনের কাছে আর্তি, তিনি যেন আমাদের সকলের প্রতি সহায় হোন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার সংগ্রামে আমাদের অবিচল থাকতে হবে। নিশ্চয়ই পরম করুণাময় মহান আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী এবং আমাদের ন্যায্য সংগ্রামের প্রতিদানের ব্যবস্থা করবেন।’