
চিন্ময়কৃষ্ণ দাস
শেষ আপডেট: 30 April 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুরে জামিন পেয়েছিলেন বাংলাদেশ হিন্দু জাগরণ ঐক্য মঞ্চের আহ্বায়ক সাধু চিন্ময়কৃষ্ণ দাস। সাড়ে তিন ঘণ্টার মধ্যে বাংলাদেশ হাই কোর্টের আপিল বিভাগ জামিনের রায়ে স্থগিতাদেশ দেয়। ফলে আপাতত চট্টগ্রাম জেলেই থাকতে হচ্ছে চিন্ময়কৃষ্ণকে। গত ২৬ নভেম্বর থেকে তিনি কারাবন্দি।
বাংলাদেশ হাই কোর্টের আপিল বিভাগের বিচারপতি মহম্মদ রেজাউল হক জামিনে স্থগিতাদেশ দেন। হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ ও নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুর ২টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ।
সরকারি আইনজীবী বলেন, চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর অনুগামীদের হাতে এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন।
গত বছরের ২৬ নভেম্বর থেকে চট্টগ্রাম জেলে বন্দি। নিম্ন আদালত, পরে হাই কোর্টে আবেদন করেও জামিন পাচ্ছিলেন না এই সাধু। অবশেষে বুধবার উচ্চ আদালতের দুই বিচারপতি জামিন মঞ্জুর করেন।
বাংলাদেশের হিন্দু জাগরণ জোটের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণ দাস দেশদ্রোহিতার মামলায় আটক ছিলেন চট্টগ্রাম জেলে। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের করেছিলেন চট্টগ্রামের এক বিএনপি নেতা ফিরোজ খান।
উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করায় বিএনপি ওই নেতাকে বহিষ্কার করলেও মামলা বহাল থাকে। সরকারপক্ষ বারে বারে জামিনের আবেদনের বিরোধিতা করায় অসন্তোষ দেখা দেয় সংখ্যালঘুদের মধ্যে। একজন সাধুকে কেন জামিন না দিয়ে জেলে আটকে রাখা হয়েছে বাংলাদেশ সরকারকে সে ব্যাপারে জবাবদিহি করতে বলেছিল। বুধবার হাই কোর্ট সরকারি রিপোর্টে প্রেক্ষিতে জামিন মঞ্জুর করে। কিন্তু সাড়ে তিন ঘণ্টার মাথায় জামিনের আদেশে স্থগিতাদেশ জারি করে আপিল বিভাগ।