
চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এক আইনজীবী নিহত, গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 26 November 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে উত্তাল বাংলাদেশ। চট্টগ্রামে হিন্দুদের প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন।
প্রশাসন সূত্রের খবর, সাইফুল ইসলাম আলিফ নামে বছর পঁচিশের ওই তরুণ শিক্ষানবীশ আইনজীবী গোলমালের মাঝে পড়ে গিয়ে নিহত হন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার হিন্দু জাগরণ ঐক্য মঞ্চের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত জেলে পাঠানোর নির্দেশ দিলে সনাতনীরা প্রতিবাদে সরব হন। জামিনের আবেদন খারিজ হতেই প্রিজন ভ্যান ঘিরে ধরে প্রতিবাদ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা প্রিজন ভ্যান আদালত চত্বরে আটকে থাকে।
বিকালে পুলিশ ও সেনার যৌথ বাহিনী বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরা এরপর আদালত লাগোয়া রাস্তা অবরোধ করলে বিএনপি ও জামাত-ই-ইসলামির সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ। দু- পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।