
ফাইল ছবি
শেষ আপডেট: 12 December 2024 17:24
দ্য ওয়াল ব্যুরো: চট্টগ্রাম আদালতে বৃহস্পতিবার দু'বার উঠল চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের মামলা। দ্বিতীয়বারও বিচারক মামলার শুনানি করলেন না।
এদিকে, শুক্রবার থেকে আদালত ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ফলে ২ জানুয়ারির আগে জামিনের মামলার শুনানি হওয়ার সুযোগ নেই। তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালতের ভূমিকাকে দুর্ভাগ্যজনক বলেছেন।
বিকালে শুনানির আগে রবীন্দ্র ঘোষ এবং অন্য আইনজীবীরা চট্রগ্রাম কারাগারে গিয়ে চিন্ময়কৃষ্ণের সঙ্গে দেখা করেন। বাংলাদেশ হিন্দু মহাজোটের আহ্বায়ক জেল বন্দি সাধু তাঁদের বলেছেন, আমাকে জামিনে মুক্ত করার চেষ্টা চালিয়ে যান। জেল থেকে বেরিয়ে আমি ফের লড়াইয়ে নামতে চাই।
বৃহস্পতিবার সকালে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিন্মযকৃষ্ণের স্বাক্ষরিত ওকালতনামা পেশ করে শুনানির আর্জি জানালে বিচারক রাজি হননি। বলেন, ওকালতনামায় চট্রগ্রামের আইনজীবীর সই থাকতে হবে।
বিকালে রবীন্দ্রবাবু চট্রগ্রামের এক আইনজীবীর সই সম্বলিত ওকালতনামা জমা করলে বিচারক স্থানীয় সেই আইনজীবী এজলাসে আছেন কিনা জানতে চান। তিনি না থাকায় বিচারক মামলা শোনেননি। চিন্ময় অনুগামীদের বক্তব্য, ওই আইনজীবী বিএনপি-জামাতপন্থী আইনজীবীদের হুমকির কারণে এজলাসে ছিলেন না।