
গ্রাফিক্স-শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 30 December 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: তিন দিন আগে খবর ছড়িয়েছিল অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশে কারাবন্দী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পরে জানা যায়, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। কিন্তু সোমবার সকালে ফের উদ্বেগ বাড়তে শুরু করে। জানা যায়, জেলে ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অভিযোগ উঠছে, চিকিৎসায় গাফিলতির।
সুগার ও প্রেসারের সমস্যা রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের। সেজন্য জেলে থাকাকালীন মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন তিনি। জানা যায়, সোমবার সকাল শরীরে সুগার ও প্রেসারের মাত্রা কমে যায় ফলে শারীরিক অবস্থায় অবণতি হয়। উদ্বেগ বাড়তে শুরু করে।
কিছুদিন আগেও তিনি ঠিক এই কারণেই অসুস্থ হয়েছিলেন এবং তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল চট্টগ্রাম মেডিক্যালে। পরে চিকিৎসা শেষে তাঁকে ফের জেলে ফেরানো হয়।
আগামী ২ জানুয়ারি তাঁর জামিনের মামলার শুনানি রয়েছে। তার আগে চিন্ময় কৃষ্ণ দাসের আরোগ্য কামনায় প্রার্থনাসভার আয়োজন করেছে ইসকন। বাংলাদেশের প্রতিটি মন্দির কর্তৃপক্ষের কাছে প্রার্থনাসভায় যোগদানের আবেদনও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর অসুস্থতা চিন্তা বাড়াচ্ছে।
যদিও দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয়েছিল চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে। তিনি জানিয়েছেন, বর্তমানে সংশোধনাগারে স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন চিন্ময় কৃষ্ণ।
রবীন্দ্র ঘোষের সহকারী আইনজীবী জানিয়েছেন, চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছিল কয়েকদিন আগে। ফিরিয়ে আনা হয়েছে। এখন স্বাভাবিক রয়েছেন। সুগার-প্রেসারের সমস্যা রয়েছে তাই মাঝেমধ্যে সেই মাত্রা কম-বেশি হচ্ছে।