মঙ্গলবার সকালে প্রয়াত হলেন জিয়াউর রহমানের স্ত্রী তথা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী ১২ ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন।

শেষ আপডেট: 30 December 2025 14:12
প্রয়াত ও জ্যোতি বসুর স্মরণীয় মন্তব্য গুলির একটি হল 'মৃত ইন্দিরা জীবিত ইন্দিরা থেকেও বেশি ভয়ংকর।' কথাটি তিনি বলেছিলেন ১৯৮৪ সালের লোকসভা ভোটের পর। সেই নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ৪১৪টি আসনে জয়লাভ করেছিল।
সেই নির্বাচনের মাস তিনেক আগে দেহরক্ষীর হাতে নিহত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরার অকাল প্রয়াণে শুধু কংগ্রেস নয়, আবেগে ভেসে গিয়েছিল গোটা দেশ। তারই প্রতিফলন দেখা গিয়েছিল ভোটের বাক্সে। কংগ্রেসের অভাবনীয় অকল্পনীয় নির্বাচনী জয়কে বিশ্লেষণ করতে গিয়ে জ্যোতি বসু ওই ফলাফলের কৃতিত্ব দিয়েছিলেন তার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু মৃত ইন্দিরাকে। বলেছিলেন মৃত ইন্দিরা জীবিত ইন্দিরার থেকেও বিরোধীদের জন্য ভয়ংকর। বাংলাদেশে খালেদা জিয়ার পার্টি বিএনপির সেরা ফল করেছিল দলটির প্রতিষ্ঠার বছরে। সে দেশে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৯৭৯-এর ভোটে বিএনপি পেয়েছিল ২০৭ আসন। সেই জয়ে মূল কৃতিত্ব ছিল দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের। বাংলাদেশের রাজনীতিতে তখন তিনি এক উদীয়মান তারকা এবং দেশটির তৎকালীন প্রেসিডেন্ট।
মঙ্গলবার সকালে প্রয়াত হলেন জিয়াউর রহমানের স্ত্রী তথা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী ১২ ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। যে নির্বাচনে খালেদার তিনটি আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তিনি এমন সময় প্রয়াত হলেন যখন ভোটের আর মাত্র দেড় মাসও বাকি নেই।
মারা যাওয়ার আগেই গত কয়েক বছর ধরে বাংলাদেশের বিএনপি'র নেতাকর্মীদের মধ্যে তো বটেই, বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যেও খালেদাকে নিয়ে আবেগের আবহ বহমান। তার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক এই তিনবারের প্রধানমন্ত্রীকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে। স্বভাবতই এই পরিস্থিতির ইতিবাচক প্রভাব পড়তে পারে বিএনপি'র পক্ষে, এমনটাই মনে পড়ছে রাজনৈতিক মহল।
এই ধরনের পরিস্থিতিতে যে আবেগ তৈরি হয় তার অনেক সময় রাজনীতির সাধারণ অংক বা সমীকরণ দিয়ে মেলানো যায় না। ভারতে ১৯৮৪-র সেই নির্বাচনে বাম দুর্গ পশ্চিমবঙ্গ পর্যন্ত কংগ্রেস ১৬টি আসনে জয়ী হয়েছিল। সেটাই পশ্চিমবঙ্গে কংগ্রেসের লোকসভায় সেরা রেজাল্ট। সেই নির্বাচনেই সিপিএমের ব্যারিস্টার প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার লোকসভায় বিজয়ী হয়েছিলেন অখ্যাত মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বামেরা তবু ইন্দিরা ঝড় কিছুটা সামাল দিতে পারলেও অন্যান্য রাজ্যে কংগ্রেস বিরোধী দলগুলির ধরাশায়ী হয়েছিল। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত খালেদা জিয়ার স্মৃতি এবং তাকে ঘিরে আবেগ মৃত ইন্দ্রার মতোই শক্তিশালী হয়ে ওঠে কিনা সেটাই এখন দেখার।