
রাহানুমা সারাহ
শেষ আপডেট: 28 August 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: ৩২ বছর বয়সি এক মহিলা সাংবাদিকের দেহ উদ্ধার হল ঢাকার একটি লেক থেকে! মঙ্গলবার রাতে হাতিরঝিল লেকের এই ঘটনায় ওই সাংবাদিকের স্বামী দাবি করেছেন, জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তাঁর স্ত্রী। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে, পোস্টমর্টেমে পাঠিয়েছে দেহ। ওই সাংবাদিকের নাম রাহানুমা সারাহ। বেসরকারি একটি টিভি চ্যানেলের নিউজরুম এডিটর ছিলেন তিনি।
স্বামী সায়েদ শুভ্রর সঙ্গে ঢাকার কল্যাণপুরে একটি বাড়ি ভাড়া করে থাকতেন রাহানুমা। তাঁর আসল বাড়ি নোয়াখালির সোনাইমুড়িতে। বছর সাতেক আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। তাঁদের মধ্যে তেমন বড় কোনও অশান্তি না থাকলেও, রাহানুমা কিছুদিন ধরেই আলাদা থাকতে চাইছিলেন বলে জানিয়েছেন সায়েদ শুভ্র। তাঁরা বিবাহবিচ্ছেদের কথাও ভেবেছিলেন, তবে সাম্প্রতিক অশান্তির মধ্যে তা করা সম্ভব হয়নি। তার মধ্যেই ঘটে গেছে এই ঘটনা।
এই ঘটনায় অবশ্য ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, রাজনৈতির প্রতিহিংসার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ দাবি করেছেন, বাকস্বাধীনতার উপর নির্মম আক্রমণ ছাড়া কিছুই নয় এই ঘটনা। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, সাংবাদিক রাহানুমা সারার দেহ উদ্ধার হয়েছে ঢাকার হাতিরঝিল লেক থেকে। এটা বাংলাদেশের বাকস্বাধীনতার উপর আরও একটি মর্মান্তিক আক্রমণ। যে গাজি টিভিতে রাহনুমা কাজ করতেন, সেটি একটি ধর্মনিরপেক্ষ চ্যানেল। ওই চ্যানেলের মালিক গোলাম দস্তাগির গাজিকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।'
ঢাকা মেডিক্যাল কলেজের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে হাতিরঝিল লেকের জলে রাহানুমার নিথর দেহ ভাসতে দেখেন পথচারীরা। তাঁরাই হাসপাতালে নিয়ে আসেন রাহানুমাকে, কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে।
প্রসঙ্গত, মৃত্যুর আগে মঙ্গলবার রাতে রাহানুমার দু'টি ফেসবুক পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে এই ঘটনার পরে। রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন উল্লেখ করে এবং ফাহিম ফয়সাল নামে এক বন্ধুকে ট্যাগ করে ফেসবুকে একটি পোস্ট দেন রাহনুমা। তিনি লেখেন, ‘আপনার মতো একজন বন্ধু পেয়ে ভাল লাগল, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আশা করি আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন। আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি, তবে তা পূরণ করতে পারিনি বলে দুঃখিত। ঈশ্বর আশীর্বাদ করুন।’
আবার এর পরেই তিনি লেখেন, 'জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভাল।' এর ঘণ্টা দুয়েক পরেই জলে উদ্ধার হয় তাঁর দেহ।