
বেনাপোল-পেট্রোপোল সীমান্ত, এখানেই রবিবার বাংলাদেশ সরকার ইসকন সদস্যদের আটকে দেয়
শেষ আপডেট: 1 December 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো: ইসকনের ৫৪ জন সদস্যকে রবিবার বেনাপোল সীমান্তে আটক করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ। যশোরে বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট পেরিয়ে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর আটকে দেওয়া হয় তাদের।
বেনাপোলে বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন বিভাগের অফিসার ইমতিয়াজ আহসানুল কাদের ভুঁইয়া জানিয়েছেন, ইসকন সদস্যদের কাছে বৈধ পাসপোর্ট, ভিসা থাকলেও বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিশেষ সরকারি অনুমতি ছিল না। অন্যদিকে, সৌরভ তপনদার চেলি নামে এক ইসকন সদস্যের বক্তব্য, বিশেষ সরকারি অনুমতির বিষয়টি তাদের কাছে স্পষ্ট করেনি ইমিগ্রেশন অফিসার।
অন্য একটি সূত্রে জানা গিয়েছে, ইসকন সদস্যদের বিষয়ে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী সরকারের উচ্চতম মহলের নির্দেশে নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় ইমিগ্রেশন অফিসকে। ইসকন সদস্যরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসছিলেন। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে আটকে রাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের ইসকন সদস্যদের দেশত্যাগ করতে না দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতি বছর এই সময় ধর্মীয় উৎসবে যোগ দিতে ইসকন সদস্যরা ভারতে আসেন। এবার আসতে দেওয়া হল না।