
জয়শঙ্কর
শেষ আপডেট: 13 December 2024 19:18
দ্য ওয়াল ব্যুরো: হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনা বন্ধে বাংলাদেশের উপর চাপ বজায় রাখল ভারত। শুক্রবার লোকসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, নিজেদের স্বার্থেই বাংলাদেশের উচিত হিন্দু-সহ সকল সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা।
জয়শঙ্কর এমন দিনে সংসদে বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন যখন সে দেশ থেকে এক হিন্দু তরুণ এবং বছর সতেরোর এক কিশোরী জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পেরিয়ে এপারে চলে আসতে বাধ্য হয়। দীর্ঘ সময় নদীকে সাঁতার কেটে সীমান্ত পেরোয় তরুণ। রাতের অন্ধকারে দেশ ছাড়ে কিশোরী। ইসকনের ভক্ত বলে তাঁকে এলাকায় পদে পদে উত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ।
গত সোমবার বিদেশ সচিব বিক্রম মিস্রির ঢাকা সফরের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশে হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ৮৮টি ঘটনার কথা জানিয়েছিল। প্রধান উপদেষ্টা সফিকুল আলম জানান, ওই সব ঘটনায় ৭৭জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখার কথা বলার পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রী শুক্রবার বাংলাদেশকে বার্তা দিয়েছেন, সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা কীভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের জন্যও ক্ষতির কারণ হতে পারে। ওয়াকিবহাল মহল মনে করছে, জয়শঙ্কর বোঝাতে চেয়েছেন বাংলাদেশে সংখ্যালঘুদের টার্গেট করেছে উগ্র ইসলামপন্থীরা। বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধ ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে তাদেরই বিপদ ডেকে আনবে। নিরাপত্তা এজেন্সিগুলির খবর, হাসিনা সরকারের পতনের পর নতুন করে একাধিক জঙ্গি গোষ্ঠী মাথা তুলেছে বাংলাদেশে।
লোকসভার প্রশ্নোত্তর পর্ব জয়শঙ্কর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়েও মুখ খোলেন। বলেন, জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কঠিন। বিদেশ নীতিতে ভারতের ‘প্রতিবেশী প্রথম’ অবস্থান নিয়ে জয়শঙ্করের ব্যাখ্যা, এই নীতি সেই প্রতিবেশীদের জন্য যারা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারতকে অগ্রাধিকার দিয়ে থাকে।