
তারেক রহমান
শেষ আপডেট: 12 December 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। ওপার বাংলার দিকে দিকে উঠছে ভারত বিরোধী স্লোগান। এই আবহে ভারত বিরোধী স্বরকে তীব্রতর করছেন কট্টরপন্থীরা। এবার বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির সামনে এল। ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি দিলেন সে দেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান।
ক'দিন আগেই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। যাতে নিজেকে পাকিস্তানের কট্টরপন্থী নেতা হিসেবে দাবি করে এক ব্যক্তি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'বাংলাদেশের দিকে চোখ তুলে দেখলে, চোখ উপড়ে নেব। হাত তুললে হাত ভেঙে দেব।'
এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি দিয়ে বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান বলেন, 'ফেনি-চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করতে হবে। প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করতে হবে।'
হাসিনা সরকারের অবসান ঘটিয়ে এখন বাংলাদেশের ক্ষমতায় রয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে সেদেশে সংখ্যালঘুদের ওপর ঘটে চলা ধারাবাহিক হিংসার ঘটনায় ইউনুস সরকারের তীব্র সমালোচনা করেছে ভারত। এরপর থেকেই ভারত বিরোধী স্লোগান উঠছে বাংলাদেশে। এমনকী পাকিস্তানের সঙ্গে বিমান চলাচলও শুরু করেছে ইউনুস সরকার।