
শেষ আপডেট: 6 May 2025 17:19
দ্য ওয়াল ব্যরো: বাংলাদেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চ হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করলে আপিল বিভাগ আগেই তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত চূড়ান্ত রায়ে জামিন স্থগিতের রায় বহাল রাখল। ফলে দেশদ্রোহিতার অভিযোগে দায়ের হওয়া মানলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে ওই বাংলাদেশ হিন্দু জাগরণ ঐক্য মঞ্চের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণকে।
অবশ্য দেশদ্রোহিতার মামলায় জামিন পেলেও চিন্ময়কৃষ্ণ কারাগার থেকে মুক্তি পেতেন না৷ সোমবারই চট্টগ্রাম আদালতে তাঁর বিরুদ্ধে খুনের মামলা গৃহীত হয়েছে৷ আদালত জেল বন্দি সাধুকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে রায় দেয়।
গত ২৫ নভেম্বর চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর আদালত। পরদিন তাঁকে আদালতে পেশ করা হলে তুমুল গোলমাল হয় এজলাস এবং এজলাসের বাইরে। আদালত তাঁর জামিনের আর্জি খারিজ করলে অনুগামীরা তুমুল প্রতিবাদ জানায়। আদালত চত্বরে গোলমালের সময় খুন হন আইনজীবী শাইফুল ইসলাম। সেই খুনের মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করতে পুলিশের আর্জি সোমবার মঞ্জুর করে চট্টগ্রাম আদালত। চিন্ময়ের জনসভায় জাতীয় পতাকার উপরে অন্য পতাকা থাকায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করে পুলিশ।